Bartaman Logo
২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নাটকীয় জয়ে শেষ আটে বেলজিয়াম ও ইউএসএ

বেলজিয়াম নাটকীয়ভাবে সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে। ইউএসএও বসনিয়াকে পরাজিত করে। ফুটবল মহারণের এই উত্তেজনাপূর্ণ ম্যাচের বিস্তারিত পড়ুন।

নাটকীয় জয়ে শেষ আটে বেলজিয়াম ও ইউএসএ
  • ২ জুলাই, ২০২৬ ১০:৩৮
Prefer us on Google

সিয়াটেল ও সানফ্রান্সিসকো:  আগের দিনই জার্মানি এবং নেদারল্যান্ডের মতো হেভিওয়েট দেশ ছিটকে গেছিল বিশ্ব ফুটবলের মহারণ থেকে। ভারতীয় সময় ভোররাতের ম্যাচে এদিন বেলজিয়ামের ক্ষেত্রেও অঘটন ঘটতে ঘটতেও ঘটলো না। সেনেগালের বিরুদ্ধে নাটকীয় ম্যাচে শেষ হাসি হাসলেন লুকাকুরা। ম্যাচের ২৪ মিনিটে হাবিব দিয়ারার দুরন্ত গোলে এগিয়ে যায় সেনেগাল। ইসমাইলা সারের হেড বারপোস্টে লেগে ফিরে এলে সেই বল গোলে ঠেলতে ভুল করেননি হাবিব। ম্যাচের ৫১ মিনিটে সেনেগালকে ২ গোলে এগিয়ে দেন ইসমাইলা সার। সেনেগাল সমর্থকরা যখন পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত ভেবে উৎসবে মেতে উঠেছেন তখনই তাদের প্রথম ধাক্কা দেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। ম্যাচের ৮৬ মিনিটে বেলজিয়ামের হয়ে ব্যবধান কমান লুকাকু। এরপর ৮৯ মিনিটে বেলজিয়ামকে সমতায় ফেরান টাইলেমান্স। এরপর ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সকলে যখন নিশ্চিত টাইব্রেকারের মাধ্যমেই ফের ফয়সালা হবে আরো একটা ম্যাচের তখনই অঘটন। এক্সট্রা টাইমের  ইনজুরি টাইমে পেনাল্টি পায় বেলজিয়াম। আর পেনাল্টি থেকে টাইলেমান্সের গোল দিয়ে শেষ হয় এই অতি নাটকীয় ম্যাচ। 

Advertisement

অন্যদিকে নিজেদের ঘরের মাঠে বসনিয়াকে ২-০ গোলে হারালো ইউএসএ। হাড্ডাহাড্ডি ম্যাচে বসনিয়ার গোলমুখ প্রথম খোলেন ফোলারিন বালোগুণ। কিন্তু ম্যাচের ৬৪ মিনিটে বালোগুণকে লাল কার্ড দেখে মাঠ  থেকে বেরিয়ে যেতে হয়। শেষ ২৬ মিনিট মার্কিন যুক্তরাষ্ট্র কে দশজনে খেলতে হয়। কিন্তু তার সুযোগ নিতে ব্যর্থ হয় বসনিয়া। ম্যাচের ৮২ মিনিটে মালিক টিলমানের গোলে দুই শূন্য করে দশজনের আমেরিকা। এই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ইউএসএ।

Advertisement
সম্পর্কিত সংবাদ