নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তোলাবাজি, জোর করে সম্পত্তি দখল এবং অস্ত্র আইনের একটি মামলায় জড়িত থাকার অভিযোগে বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করকে ফের গ্রেপ্তার করল বেলেঘাটা থানার পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান কুনাল আগরওয়াল এই খবর জানিয়েছেন। রাজ্যে পালাবদলের পর রাজুকে পাকড়াও করেছিল পুলিশ। কিন্তু সেই মামলায় জামিন পাওয়ায় বাইরেই ছিল সে।
২০২২ সালের ১২ মে রাতে বেলেঘাটার তৃণমূল নেতা রাজু
নস্কর দলবল নিয়ে অবিনাশচন্দ্র ব্যানার্জি লেনের বাসিন্দা জনৈক অর্ণব দে’কে জোর করে তাঁর অফিসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাঁকে মারধর করা হয় ও আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে সাড়ে তিনশো বর্গফুটের একটি সম্পত্তি কার্যত জলের দরে কিনে নেয় রাজু নস্কর। অর্ণববাবু বেলেঘাটা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, একই কায়দায় রাজু নস্কর ও তার দলবল বেলেঘাটায় তাঁর ভাই সহ একাধিক বাসিন্দার সম্পত্তি দখল করেছে।
তৃণমূল আমলে রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নিষ্ক্রিয় ছিল পুলিশ। রাজ্যে পালবদল হতেই রাজু নস্করের বিরুদ্ধে একের পর এক সম্পত্তি দখলের অভিযোগ
সামনে আসে। গত ২৬ আগস্ট অর্ণববাবু বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করে বেলেঘাটা থানার পুলিশ। ধৃত রাজুকে মঙ্গলবার শিয়ালদহ আদালতে হাজির করা হলে বিচারক ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।