Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেলডাঙা কাণ্ড: কেস ডায়েরি পেল এনআইএ

বেলডাঙা অশান্তি মামলায় এনআইএ হেপাজতে থাকা সাত অভিযুক্তকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত।

বেলডাঙা কাণ্ড: কেস ডায়েরি পেল এনআইএ
  • ৭ মার্চ, ২০২৬ ০৮:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা অশান্তি মামলায় এনআইএ হেপাজতে থাকা সাত অভিযুক্তকে ১৩ মার্চ পর্যন্ত জেল হেপাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ওই নির্দেশ দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিশেষ সরকারি আইনজীবী শ্যামল ঘোষ জানান, ইতিমধ্যে উচ্চ আদালতের নির্দেশে এই মামলার কেস ডায়েরি হাতে পেয়েছে এনআইএ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারীরা। প্রয়োজনে জেলে গিয়ে অভিযুক্তদের জেরা করা হবে। মামলায় বাকি ২৪ জন বর্তমানে জেল হেপাজতে আছে। তাদের আগামী ১৩ মার্চ এনআইএ আদালতে হাজির করা হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভিন রাজ্যে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙা অশান্ত হয়ে ওঠে। ছড়িয়ে পড়ে হিংসা। গ্রেপ্তার করা হয় ৩১ জনকে। পরে উচ্চ আদালতের নির্দেশে তদন্তভার গ্রহণ করে এনআইএ। সরকারি আইনজীবী এদিন জানান, এই মামলায় রাজ্য কলকাতা হাইকোর্টে এনআইএ’র তদন্তের উপর স্থগিতাদেশ চেয়েছিল। সম্প্রতি তা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এই মামলার কেস ডায়েরি এনআইকে দেওয়ার বিষয়ে নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement
সম্পর্কিত সংবাদ