Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের আগে ওরা বলবে তিন হাজার, আর ভোট মিটলেই বুলডোজার: মমতা

বাংলা দখলের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে টক্কর দিতে প্রতি মাসে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে ইস্তাহারে উল্লেখ করেছে বিজেপি। এসব বলে বিজেপি বাংলার মানুষকে ভাঁওতা দিচ্ছে বলে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের আগে ওরা বলবে তিন হাজার, আর ভোট মিটলেই বুলডোজার: মমতা
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও পিংলা: বাংলা দখলের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে টক্কর দিতে প্রতি মাসে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে ইস্তাহারে উল্লেখ করেছে বিজেপি। এসব বলে বিজেপি বাংলার মানুষকে ভাঁওতা দিচ্ছে বলে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পিংলা এবং হাওড়ার দুই সভা থেকেই এই ইস্যুতে সরব হন তিনি। এদিন সকালে পিংলায় তিনি বলেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমরা কেড়ে নিই না। সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। আর বিজেপি বিহারে ভোটের আগে মহিলাদের টাকা দিয়ে এখন বলছে, সব ফিরিয়ে দিন। তার সঙ্গেই তাঁর সতর্কবার্তা, মনে রাখবেন ওরা ভোটের আগে বলবে তিন হাজার, আর ভোট মিটলেই আসবে বুলডোজার।’ 

Advertisement

নরেন্দ্র মোদি, অমিত শাহের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও প্রচারে এসেছিলেন এরাজ্যে। এদিন যোগীকেও আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ‘নয়ডায় শ্রমিক বিক্ষোভে আগুন জ্বলছে। আর যোগীভাই এসে এখানে ভাষণ দিচ্ছেন। বলছেন, বাংলায় বুলডোজার চলবে। কান খুলে শুনে রাখুন, বাংলায় বুলডোজার চলে না। বাংলায় বন্দেমাতরম চলে, জয় জোহার চলে, সেলাম চলে।’ 
প্রসঙ্গত, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু, ভোটে জেতার কিছুদিন পরেই তারা আর চালাতে পারেনি বলে এদিন গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন মমতা। ভোটের সময় ভিন রাজ্য থেকে লোক নিয়ে আসা নিয়েও গেরুয়া শিবিরকে এক হাত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন অত্যাচার চালাচ্ছে। বাংলার সব অফিসারদের বাদ দেওয়া হয়েছে। এ রাজ্যের সাড়ে ৫০০ অফিসারকে অন্য রাজ্যে ভোট পরিচালনা করতে পাঠিয়ে দিয়েছে। অথচ, বাংলায় ভোট চলছে। মানুষ যাতে রেশন, জল, স্বাস্থ্য পরিষেবা না পান, সেই চেষ্টা করা হচ্ছে। তাঁদের জায়গায় বেছে বেছে বিজেপির প্রতি নরম মনোভাবাপন্ন অফিসারদের আনা হয়েছে। ওরা শান্তিতে ভোট করতে চাইলে বাংলার পুলিশকে বিশ্বাস করত। বাংলার পুলিশের সব ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে।’ 
মমতার অভিযোগ, ‘মোদি-শাহের সভায় জমায়েত দেখাতে পাশের রাজ্য থেকে লোক নিয়ে আসা হচ্ছে। তাঁদের ৫০০ টাকা করে দিচ্ছে বিজেপি। সেকারণেই রেল যোগাযোগ আছে, এমন জায়গায় সভার আয়োজন করা হচ্ছে। যাতে ট্রেনে করে লোক আনতে পারে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ