নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বি এড কলেজগুলিতে আদৌ ক্লাস হচ্ছে কি না, তা দেখার জন্য অভিনব ব্যবস্থা করল উচ্চশিক্ষা দপ্তর। কলেজগুলিতে ক্লাস চলার সিসিটিভি ফুটেজ পাঠাতে হবে বিকাশ ভবনে। সোমবার এই নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের তরফে। অভিযোগ, বহু কলেজ অনলাইনে নামমাত্র ক্লাস নিচ্ছে। আবার কোনো কোনো কলেজ ক্লাস নিচ্ছেই না। এই অবস্থায় নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বি এড-এ কোনো অনলাইন ক্লাসের নিয়ম নেই। এবার উচ্চশিক্ষা দপ্তরও সেই পথে হাঁটল। অন্তত একমাস ধরে ‘রিয়েল টাইম’ রেকর্ড পাঠাতে বলা হয়েছে কলেজগুলিকে। পাশাপাশি, পড়ুয়া এবং শিক্ষকদের জন্য বায়োমেট্রিক হাজিরা এবং অনুমোদন নবীকরণের জন্য পরিদর্শনের কথাও বলা হয়েছে।
সোমবার জাতীয় শিক্ষানীতি নিয়ে শীর্ষস্তরের বৈঠকের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, কলকাতা পুরসভার এনওসি না থাকায় জোকার আইআইএম কলকাতায় ৫০০ কোটি টাকার একটি প্রকল্প আটকে ছিল। এই সরকার তা ছেড়ে দেবে। আইআইইএসটি শিবপুরকেও আইআইটিতে উন্নীত করার কথা হয়েছে। আগের সরকার এনিয়ে কোনো পদক্ষেপ করেনি। শুধু তাই নয়, রুসার যে টাকা বিশ্ববিদ্যালয়গুলি পেয়েছিল, তার একটা ভগ্নাংশ খরচ করতে পেরেছিল। তাছাড়া, পিএম ঊষা প্রকল্পেও আগের সরকার অন্তর্ভুক্ত হয়নি। বিজেপি সরকার এ ধরনের সমস্ত কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। এতে রাজ্যের স্কুল এবং উচ্চশিক্ষার পরিস্থিতি জাতীয় মানের সমতুল হবে বলেই আশাবাদী তিনি। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট অব এমিনেন্স’-এ উত্তীর্ণ করা নিয়েও শিক্ষামন্ত্রকে প্রস্তাব জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি এবং রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।