Bartaman Logo
১০ জুলাই, ২০২৬

মোবাইলে রেলের টিকিট কাটলেই সতর্ক! এক ভুলেই পড়তে পারেন মহা বিপদে, কড়া নির্দেশিকা রেলের

মোবাইল অ্যাপে টিকিট কাটলে নতুন নির্দেশিকা মানতে হবে। স্ক্রিনশট বা ছবি গ্রহণযোগ্য নয়। বিস্তারিত জানুন।

মোবাইলে রেলের টিকিট কাটলেই সতর্ক! এক ভুলেই পড়তে পারেন মহা বিপদে, কড়া নির্দেশিকা রেলের
  • ১০ জুলাই, ২০২৬ ১৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি, ১০ জুলাই: দুরপাল্লা হোক বা লোকাল ট্রেনে যাত্রার জন্য আপনি যদি মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটেন তাহলে এবার থেকে আপনাকে মানতে হবে কিছু নিয়ম। না মানলেই পড়তে পারেন ভারী সমস্যায়। রেলযাত্রীদের জন্য ডিজিটাল টিকিট সংক্রান্ত নিয়ম আরও কঠোর করল ভারতীয় রেল। এবার থেকে অ্যাপে বুক করা আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপে দেখানো ডিজিটাল টিকিটকেই বৈধ হিসাবে গণ্য করবে রেল কর্তৃপক্ষ। স্ক্রিনশট, মোবাইলে তোলা ছবি, পিডিএফ কিংবা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মেসেজিং অ্যাপে পাঠানো টিকিট ভ্রমণের বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। এমনটাই সাফ জানিয়ে দিল ভারতীয় রেল। 

Advertisement

রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, যে মোবাইল ফোন থেকে টিকিট বুক করা হয়েছে, সেই একই মোবাইলে টিকিটটি থাকতে হবে। পাশাপাশি যাত্রার সময় ওই মোবাইল ফোনের সঙ্গে একটি বৈধ ফটো পরিচয়পত্র বহন করাও বাধ্যতামূলক। এছাড়াও স্পষ্ট জানানো হয়েছে, আনরিজার্ভড ডিজিটাল টিকিট অবশ্যই ট্রেন যাত্রা শুরু হওয়ার আগে, অর্থাৎ যে স্টেশন থেকে যাত্রী উঠবেন, সেখান থেকে ট্রেন ছাড়ার আগেই বুক করতে হবে। ট্রেন ছাড়ার পর বুক করা টিকিট বৈধ বলে গণ্য হবে না। 

সম্প্রতি এক যাত্রী ডিজিটাল টিকিটের বদলে হোয়াটসঅ্যাপে পাওয়া টিকিটের স্ক্রিনশট দেখানোর কারণে জরিমানার মুখে পড়েন। এরপরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে দক্ষিণ পূর্ব মধ্য রেল এমন সিদ্ধান্ত নিয়েছে। তাদের সামাজিক মাধ্যম এক্সে নতুন নিয়মের ব্যাখ্যা করে জানান,  রেল ওয়ান ( Rail One app) অ্যাপ থেকে ইস্যু করা আনরিজার্ভড টিকিট শুধুমাত্র সেই মোবাইল ফোনেই বৈধ থাকবে, যেখান থেকে টিকিট বুক করা হয়েছে। স্ক্রিনশট বা অন্য কোনও মাধ্যমে পাঠানো টিকিটের কপি গ্রহণযোগ্য নয়। 

রেলের এই নতুন নিয়ম যাত্রীদের মধ্যে বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি করেছে। বিশেষ করে পরিবারের একজনের মোবাইল থেকে অন্য সদস্যদের জন্য টিকিট বুক করার প্রচলিত ব্যবস্থার ক্ষেত্রে ভবিষ্যতে কীভাবে এই নির্দেশিকা কার্যকর হবে, তা নিয়ে এখনও নানা প্রশ্ন উঠছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ