সংবাদদাতা, বারুইপুর: শিক্ষক দিবসে অন্য ছবি সুন্দরবনের কুলতলি, জয়নগর ও ফলতায়। জয়নগর ১ নম্বর ব্লকের গাববেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার ক্লাসের সূচনা করলেন জয়নগর ১ নম্বরের বিডিও শুভদীপ দাস। তিনি পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ দিলেন এবং তাদের সঙ্গে বসে ফ্রায়েডরাইস, আলুর দম খেলেন। এছাড়া ফলতা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল ইলিশ উৎসব। ইলিশের তেল ভাজা, ভাপা মজাসে খেল পড়ুয়ারা। আর কুলতলির দেউলবাড়িতে নিরক্ষর মানুষদের স্লেট, বর্ণ পরিচয় ও খড়ি উপহার দেওয়া হল।
জয়নগরের প্রত্যন্ত গ্রামে রয়েছে গাববেড়িয়া বিদ্যালয়। সে স্কুলে শুরু হল কম্পিউটার ক্লাস। পায়েল, বৃহস্পতি, টুসু, শিখা সহ অনেক পড়ুয়াকে কম্পিউটার শেখালেন বিডিও। স্কুলের প্রধান শিক্ষক অরিন্দম রায় বলেন, ‘৫ টি কম্পিউটার নিয়ে শুরু হল ক্লাস। বিডিও স্কুলের কিছু সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।’ অন্যদিকে ফলতা বিদ্যালয়ে ইলিশ উৎসবে উপস্থিত ছিলেন বিডিও তন্ময় ভট্টাচার্য, প্রধান শিক্ষক গোকুলচন্দ্র মল্লিক প্রমুখ। শিক্ষক দিবসে এসে ইলিশের নানা পদ খেয়ে খুশি পড়ুয়ারা। খুশি অভিভাবকরাও। এছাড়া কুলতলির দেউলবাড়ির বাসিন্দা পুলক মণ্ডল নামে এক ব্যক্তি নিরক্ষরদের দিলেন উপহার। তিনি স্বামীজি শিশু পাঠশালা নামে এক টাকায় পাঠদানের একটি স্কুল চালান। শনিবার গ্রামের ২৫ প্রবীণকে দিলেন বর্ণপরিচয়। নিজের পাঠশালায় তাঁদের পড়াবেন বলে জানালেন। এই বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘পড়াশোনা সবার জন্য। যাঁরা পড়তে জানেন না তাঁদের শিক্ষা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’