লাহোর: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেট দলের সামনে লক্ষ্য স্থির করে দিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি জানান যে, শুধু চ্যাম্পিয়ন হলেই চলবে না, অবশ্যই হারাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। নতুনভাবে সাজানো গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধনে এসে মহম্মদ রিজওয়ান, বাবর আজম, শাহিন আফ্রিদিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দল খুবই ভালো। সম্প্রতি আমাদের পারফরম্যান্সও আশা বাড়িয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জেতাই একমাত্র কাজ নয়। দুবাইয়ে ২৩ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে জেতাও জরুরি। আমরা সবাই ক্রিকেটারদের পাশে রয়েছি।’
Advertisement
নয়ের দশক থেকে আইসিসি ইভেন্টে পাকিস্তানের উপর আধিপত্য দেখিয়ে আসছে ভারত। মাঝে মাত্র দু’বার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছে পাক দল— ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২১ টি-২০ বিশ্বকাপে। এবারের সাক্ষাতের তাৎপর্য অবশ্য আলাদা। আয়োজক দেশ পাকিস্তানে যাচ্ছে না ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইয়ে খেলবেন রোহিতরা। আর সেটাই পাক প্রধানমন্ত্রীকে তাতিয়ে দিয়েছে। এই প্রতিযোগিতায় পাকিস্তান নামছে খেতাব ধরে রাখার তাগিদ সঙ্গে নিয়ে। ২০১৭ সালে শেষবার অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে খেতাব জিতেছিলেন ফখর জামানরা। প্রধানমন্ত্রী শরিফ বলেছেন, ‘প্রায় ২৯ বছর পর পাকিস্তানে আইসিসি’র বড় ইভেন্ট হতে চলেছে। ক্রিকেটারদের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। খেতাব ধরে রেখে গর্বিত করবে দেশকে।’ উল্লেখ্য, মাত্র ১১৭ দিনে সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে গদ্দাফি স্টেডিয়ামের। নতুনভাবে সেজে ওঠা স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে পিসিবি কর্তাদের সঙ্গেই উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিশ্চিতভাবেই চাপ বাড়াবে নাসিম শাহদের।



