শারজা: বয়স মাত্র ১৩ হলেও কীর্তি বড় বড়। সম্প্রতি আইপিএল নিলামে বৈভব সূর্যবংশীর জন্য এক কোটিরও বেশি দর উঠেছিল। এবার দেশের জার্সিতে ব্যাট হাতেও মাঠ কাঁপাচ্ছে বিহারের এই বিস্ময়বালক। শুক্রবার তার দুরন্ত ইনিংসে ভর করেই শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে দ্বীপরাষ্ট্রের দেশটি তুলেছিল ১৭৩। জবাবে ২১.৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছয় টিম ইন্ডিয়া (১৭৫-৩)। ৬টি চার ও ৫টি ছক্কা সহ ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা বৈভব। পাশাপাশি প্রশংসা করতে হবে ভারতীয় বোলারদের। চেতন শর্মা (৩-৩৪), কিরণ চোরমালেদের (২-৩২) দাপটেই দুশোর গণ্ডি টপকাতে পারেনি শ্রীলঙ্কা। উল্লেখ্য, রবিবার দুবাইয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা।



