প্রাগ: অ্যাওয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া। সেখান থেকে লিড নিয়েও ফের বিরতির আগে আত্মঘাতী গোলে তা হাতছাড়া করা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচে তখন আরও একবার পয়েন্ট নষ্টের ভ্রুকুটি দেখা দেয় বার্সেলোনা শিবিরে। তবে যাবতীয় শঙ্কা উড়িয়ে দ্বিতীয়ার্ধের দাপুটে পারফরম্যান্সে স্লাভিয়া প্রাহার বিরুদ্ধে ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ল হান্স ফ্লিকের ছেলেরা। সেই সঙ্গে সরাসরি প্রি কোয়ার্টার-ফাইনালের টিকিট অর্জনের আশা জিইয়ে রাখল কাতালন ক্লাবটি। বর্তমানে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে বার্সা। উল্লেখ্য, গ্রুপ পর্বের লড়াই শেষে প্রথম আটটি দল সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে। আর পরের ১৬টি দলের মধ্যে প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত হবে বাকি আটটি। বুধবার অ্যাওয়ে ম্যাচে জোড়া গোলে বার্সার জয়ের নায়ক ফারমিল লোপেজ। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ড্যানি ওলমো ও রবার্ট লিওয়ানডস্কি। এদিন জাল কাঁপানোর সুবাদে টানা ১৬টি ক্যালেন্ডার বর্ষে চ্যাম্পিয়ন্স লিগে গোলের নজির গড়লেন এই পোলিশ তারকা। এই ম্যাচে অবশ্য তাঁর নামের পাশে রয়েছে আত্মঘাতী গোলও। এছাড়া স্লাভিয়া প্রাহার হয়ে জাল কাঁপান ভাসিল কুসেই।



