নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাখির বাজারে জেন জি বনাম বিজেপি। বাজার ঘুরলে জানা যাবে, চাহিদার তারতম্যে জেন জি অনেক পিছনে ফেলে দিয়েছে নরেন্দ্র মোদিকে, বিজেপিকে। তরুণ প্রজন্মের পছন্দের প্রতীক দেওয়া রাখির পাইকারি দাম, ১২ টাকা। সেখানে মোদি বা বিজেপির ছবি দেওয়া রাখির দাম ১০ টাকার নীচে ঘোরাফেরা করছে।
কিছু বছর আগে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া রাখি বাজারে চলছে। এ বছরও ক্যানিং স্ট্রিটে বিজেপির পদ্মছাপ দেওয়া রাখি আছে। অন্য কোনো রাজনৈতিক দলের ছবি সেভাবে চোখে পড়বে না। দোকানদারদের বক্তব্য, ‘বিজেপির রাখি চলছে।’ কারা কিনছেন সে রাখি? অবাঙালি এক দোকানদার বললেন, ‘কারিয়াকার্তা’। আর আমজনতা? তাঁরা কি কিনছেন? এখন বাজারে নতুন শব্দবন্দ ‘জেন জি’। এক দোকানদার বললেন, ‘জেন জি রাখি আছে। ভালো বাজার সে রাখির।’
মেটাভার্সের তারকাদের মুখ দেওয়া রাখিই জেনজি’র পছন্দ। কিছুদিন আগে ককরোচ পার্টির মিটিং-মিছিলে দেখা গিয়েছে, কেউ স্পাইডারম্যান, কেউ সুপারম্যান বা হাল্ক বা ক্যাপ্টেন আমেরিকার পোশাক পরে হাজির হয়েছিলেন। হাতে তাঁদের পোস্টারও ছিল। যেন স্পাইডারম্যান স্বয়ং নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন। বা সুপারম্যান ভারতবর্ষের শিক্ষাব্যবস্থার খোলনলচে পালটাতে পথে নেমেছেন। এই সব সুপাররা শিশু-কিশোর শুধু নয় তরুণ-তরুণীদেরও পছন্দের ক্যারেকটর। জেন জি’র রাখির বাজারের বেশিরভাগ তাঁরাই দখল করেছেন এবার। সবমিলিয়ে এখানেও রাজনীতি। রাখিবন্ধনেও ককরোচ আন্দোলনকে সমর্থনের ছায়া। দোকানদাররা বলেন, ‘মানুষ চাইছেন, তাই তো আমরা রাখছি।’
অন্যদিকে বিজেপির কর্মী-সমর্থকরা পদ্ম ফুল কিংবা মোদির ছবি দেওয়া রাখি কিনতে আসছেন। তবে সাধারণ মানুষ সেসব কিনছেন না। তরুণ-প্রজন্মের মধ্যে মেটাভার্সের চরিত্রদের রাখির চাহিদাই বেশি। এর পাশাপাশি রয়েছে চিরাচরিত ডিজাইনের রাখিও। এক কলেজ পড়ুয়া বলেন, ‘না না! মোদির ছবি দেওয়া রাখির প্রশ্নই ওঠে না। আমার চিরাচরিত রাখিই পছন্দ। তবে বাড়ির বাচ্চাদের জন্য স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, ডোরেমন রাখি কিনলাম।’ যাদবপুরের খুচরো বাজারের এক রাখি বিক্রেতা বলেন, ‘অনেক কাস্টমার এসে জিজ্ঞেস করছেন নতুন ধরনের রাখি আছে? কিছু নতুন ডিজাইন এসেছে। সেগুলি দেখাচ্ছি। পাড়ার দোকানে বিজেপির রাখিটাখি রাখছি না।’
পাইকারি বাজারে বিজেপির পদ্মছাপ দেওয়া রাখির দাম একডজন ১২০ টাকা। মোদির ছবি দেওয়া রাখির দাম খানিক কম। জেন জি’র পছন্দের ডিজাইনের রাখির এক-একটির দাম ১০ থেকে ১২ টাকা। বাজারে গিয়ে বিজেপির কর্মীরা চোখ বন্ধ করে পদ্মছাপের রাখি কিনছেন। অন্যদিকে জেন জি থেকে জেন আলফা, তারা স্পাইডারম্যান, ব্যাটম্যান, পোকেমন, ক্যাপ্টেন আমেরিকা ছাড়া অন্যদিকে তাকাচ্ছেন না। সবমিলিয়ে মোদির বাজার ডাউন। গ্লোরিয়াস এন্ট্রি জেন জি’র।