Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পোলিও টিকাকরণে রাজ্যসেরা বসিরহাট

বসিরহাট স্বাস্থ্যজেলা পোলিও টিকাকরণে রাজ্যে সেরা। ৮৮% শিশুকে টিকা দেওয়া হয়েছে। কলকাতার কভারেজ মাত্র ৪২%। বিস্তারিত পড়ুন।

পোলিও টিকাকরণে রাজ্যসেরা বসিরহাট
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পোলিও টিকাকরণে রাজ্যে সেরা বসিরহাট স্বাস্থ্যজেলা। তবে এক্ষেত্রে পিছিয়ে কলকাতা। জাতীয় পোলিও টিকাকরণ দিবসের সাম্প্রতিক পর্বে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে বসিরহাট স্বাস্থ্যজেলা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ জুনের ‘বুথ ডে’তে বসিরহাটে লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ শিশুকে পোলিও টিকার আওতায় আনা গিয়েছে। রাজ্যে এটাই সর্বোচ্চ।

Advertisement

জেলা প্রশাসনের তথ্যানুযায়ী, বসিরহাট স্বাস্থ্যজেলায় ২ লক্ষ ৭ হাজার ৪৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। ‘বুথ ডে’-তেই তার ৮৮ শতাংশ পূরণ হয়েছে। ফলে রাজ্যের সেরা স্থান দখল করেছে এই স্বাস্থ্যজেলা। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেখানে লক্ষ্যমাত্রার ৮৭ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। তৃতীয় স্থানে বাঁকুড়া। সেখানে বুথ ডে-তে লক্ষ্যমাত্রার ৮৬ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে এবারের কর্মসূচিতে মোট ৮৪ লক্ষ ২৪ হাজার ৫১৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। তার মধ্যে ‘বুথ ডে’তে টিকা পেয়েছে ৬৩ লক্ষ ২৬ হাজার ৯৫৬ জন। ফলে রাজ্যের গড় ‘কভারেজ’ দাঁড়িয়েছে ৭৫ শতাংশ। তবে উল্টো ছবি কলকাতায়। বুথ ডের কভারেজে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে মহানগর। সেখানে ৪ লক্ষ ৫৩ হাজার ৬৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। বুথে এসে টিকা পেয়েছে মাত্র ১ লক্ষ ৮৯ হাজার ৮৮৪ জন। ‘কভারেজ’ ৪২ শতাংশ মাত্র। স্বাস্থ্যকর্তাদের একাংশের মতে, এর পিছনে একাধিক কারণ থাকতে পারে। কলকাতার অনেক পরিবার বুথে না গিয়ে পরবর্তী ‘হাউস-টু-হাউস’ অভিযানে শিশুদের টিকা খাওয়াতে অভ্যস্ত। কর্মসূত্রে মানুষের স্থানান্তরও একটি কারণ। বহুতল আবাসনে পৌঁছতে স্বাস্থ্যকর্মীদের সমস্যার কথাও উঠে আসছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ