নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন এবং গণপিটুনিতে যুবকের মৃত্যু। জোড়া ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠেছিল, পুলিশি ইন্টেলিজেন্সের ব্যর্থতার। এবারে সেরকম পরিস্থিতি হওয়ার আগেই যাতে পুলিশের কাছে খবর আসে, তার জন্য গ্রাম ও পুর এলাকায় বিশেষ বাহিনী নামাল বারুইপুর পুলিশ জেলা। গ্রামীণ এলাকার জন্য অঞ্চল আধিকারিক এবং শহুরে এলাকায় ওয়ার্ড ক্লাস্টার আধিকারিকেরা ঘুরে বেড়াবেন। মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করার উপর জোর দেবেন তাঁরা।
এর অন্যতম লক্ষ্য সোর্স বৃদ্ধি করা, দাবি পুলিশ কর্তাদের। শুধু তাই নয়, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও নিবিড় ও কার্যকর যোগাযোগ গড়ে তুলতেও উদ্যোগ নেওয়া হবে। জানা গিয়েছে, প্রতিটি পঞ্চায়েত পিছু একজন পুলিশ অফিসারের টিম থাকবে। পুরসভার জন্য পাঁচ থেকে ছয়টি ওয়ার্ড পিছু হবে এই দল। তাতে থাকবেন ছ’জনের মতো। প্রতিদিন একেকটি গ্রামে যাবে তারা। কোথাও চায়ের দোকানে আড্ডার ছলে কথা বলবেন পুলিশ আধিকারিকরা, কোথাও সরাসরি পথ চলতি মানুষের থেকে এলাকা সম্পর্কে খোঁজখবর নেবেন। মহিলাদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে বলে পুলিশ জেলার তরফে জানানো হয়েছে। বুধবার থেকে গ্রামে গ্রামে শুরু হয়ছে পরিদর্শন। স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা শুনছেন পুলিশকর্মীরা। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফোন নম্বর বিনিময় করা হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত যোগাযোগ ও তথ্য আদান-প্রদান সম্ভব হয়। মহিলাদের নিরাপত্তার বিষয়েও বারুইপুর পুলিশ জেলা কঠোর অবস্থান বজায় রাখবে এবং কোনো রকম ছাড় দেওয়া হবে না—এই বার্তাও স্পষ্টভাবে জানানো হচ্ছে প্রতিটি এলাকায়।