Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুর-জয়নগর-কুলতলি ও রায়দিঘিতে উৎসবের আবহ

কয়েকটি জায়গায় ইভিএম মেশিনের বিভ্রাটে ভোটগ্রহণে বিঘ্ন ঘটে। পাশাপাশি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বুধবার বারুইপুর থেকে জয়নগর, কুলতলি, মন্দিরবাজার, রায়দিঘিতে ভোট ছিল শান্তিপূর্ণ। মানুষ উৎসবের আবহে ভোট দিল। অনেক কেন্দ্রে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বারুইপুর-জয়নগর-কুলতলি  ও রায়দিঘিতে উৎসবের আবহ
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সত্যজিত্ বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: কয়েকটি জায়গায় ইভিএম মেশিনের বিভ্রাটে ভোটগ্রহণে বিঘ্ন ঘটে। পাশাপাশি কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বুধবার বারুইপুর থেকে জয়নগর, কুলতলি, মন্দিরবাজার, রায়দিঘিতে ভোট ছিল শান্তিপূর্ণ। মানুষ উৎসবের আবহে ভোট দিল। অনেক কেন্দ্রে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বারুইপুরের জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে ইভিএম মেশিনে সকাল থেকে গোলযোগ থাকায় ভোটগ্রহণ দেরিতে শুরু হয়। রবীন্দ্রভবনের বুথে বারে বারে ইভিএম বিভ্রাট ঘটে। ভোটাররা বিরক্ত হন। একই অবস্থা মদারাট বিশ্বাসপাড়া, পিয়ালি ঘোলাঘাটা থেকে শুরু করে জয়নগর ও রায়দিঘির ভোটগ্রহণ কেন্দ্রে।

Advertisement

এছাড়া সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন ছিল। বিশেষ করে মহিলাদের ভিড় ছিল দেখার মতো। বৃষ্টিও ভোটদানে ব্যাঘাত ঘটাতে পারেনি। এদিন জয়নগরের বকুলতলায় ২৫৯, ২৫১, ২৫২ তিনটি বুথ মিলিয়ে একটি ক্যাম্প হয়েছিল। সেখানে পাঁচজন তৃণমূল কর্মী ছিলেন। কেন এতো কর্মী, অভিযোগ তুলে পুলিশ চেয়ার, টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। এদিন জয়নগরের জেলা পরিষদ সদস্যার স্বামী তৃণমূল নেতা মতিউর রহমানকে আটক করে বকুলতলা থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। কুলতলিতে বিজেপি প্রার্থী মাধবী মহলদার সিপিএম প্রার্থী রামশংকর হালদারকে দেখতে পেয়ে তাঁকে প্রণাম করে আশীর্বাদ নেন। এদিন রায়দিঘির শংকরপুরের আন্দারমানি গ্রামে বিজেপির প্রার্থী পলাশ রানাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা চোর চোর স্লোগান দেন বলে অভিযোগ। এদিন রায়দিঘিতে প্রতি ভোটগ্রহণ কেন্দ্রে ছিল ভোটারদের লম্বা লাইন। রায়দিঘিতে উত্তর কুমড়োপাড়া অবৈতনিক স্কুলে বাবা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভোট দেন সিপিএম প্রার্থী সাম্য গঙ্গোপাধ্যায়। সাম্য বলেন, কিছু জায়গায় এজেন্টদের হুমকি দেওয়া হয়েছিলো। এছাড়া ভোট ভালো হয়েছে।
বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই কেন্দ্রে চষে বেড়ান। তিনি বলেন, মানুষ উৎসবের মেজাজে ভোট দিয়েছে। চতুর্থ বার আবার ক্ষমতায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর পূর্বের তৃণমূল প্রার্থী বিভাস সর্দারও এদিন তাঁর কেন্দ্রে ঘুরে বেড়ান। এদিন বারুইপুরের বিভিন্ন বুথে তৃণমূল কর্মীদের দেখা মিললেও বিরোধীদের তেমন খুঁজে পাওয়া যায়নি। জয়নগরে পুরসভা থেকে পঞ্চায়েত এলাকায় ভোটারদের লম্বা লাইন ছিল ভরদুপুরেও। মন্দিরবাজারেও একই চিত্র। সব মিলিয়ে এদিন ভোট শান্তিতে হওয়ায় প্রশাসনকে তারিফ দিয়েছেন ভোটাররা। 
 রায়দিঘিতে কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিপিএম প্রার্থী সাম্য।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ