Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১৭ কিমি দূরে বারুইপুর, বাপি প্রামাণিক হত্যার পর ফের থানার দাবি টাঙ্গারবেড়িয়ায়

বারুইপুর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়দহ উত্তর টাঙ্গারবেড়িয়া গ্রাম। সেখানে রবিবার রাতে খুন হন বিজেপি কর্মী বাপি প্রামাণিক।

১৭ কিমি দূরে বারুইপুর, বাপি প্রামাণিক হত্যার পর ফের থানার দাবি টাঙ্গারবেড়িয়ায়
  • ২৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বারুইপুর শহর থেকে ১৫ কিলোমিটার দূরে হাড়দহ উত্তর টাঙ্গারবেড়িয়া গ্রাম। সেখানে রবিবার রাতে খুন হন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। টাঙ্গারবেড়িয়া তারপর রাজ্যজুড়ে সকলের চর্চায় চলে আসে। এই পরিস্থিতিতে ফের এই এলাকার মানুষ পুরনো একটি দাবি নিয়ে সোচ্চার হয়েছেন। তাঁদের বক্তব্য, ‘জায়গাটি বারুইপুর থানার অন্তর্গত। কিন্তু সে থানা এতটাই দূরে যে অভিযোগ জানাতে যেতে নাজেহাল হতে হয়। নয়া থানা তৈরি করতে বহুবার পুলিশের কাছে দরবার করা হয়েছে। কিন্তু মানুষের দাবি আমল দেওয়া হয়নি।’ সম্প্রতি খুনের ঘটনার পর ফের একই দাবি তুলেছেন এখানকার বাসিন্দারা। অবিলম্বে ‘উত্তরভাগ থানা’ নির্মাণ হোক দাবি সকলের।

Advertisement

জানা গিয়েছে, তৃণমূল আমলে বারুইপুর থানা ভেঙে উত্তরভাগ থানা নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনবছর ধরে থানার জন্য বরাদ্দ জমি পড়ে রয়েছে। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, বিষয়টি জানানো হয়েছে রাজ্যস্তরে।
এই জেলার মধ্যে সবথেকে বেশি এলাকা বারুইপুর থানার অধীনে পড়ে। ফলে প্রান্তিক কোনো এলাকায় অপরাধ ঘটলে পুলিশকে অনেক দুর থেকে আসতে হয়। কয়েকটি পুলিশ ক্যাম্প আছে বটে তবে বড়ো কিছু ঘটলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান ক্যাম্পের পুলিশ কর্মীরা। তাঁদের বিরুদ্ধে অনেক সময় কর্তব্যে গাফিলতিরও অভিযোগ ওঠে। সূর্যপুরে নাবালিকা খুনের ঘটনার সময়ও সেরকম অভিযোগ উঠেছিল। কয়েক মাস আগে বারুইপুর পুলিশ জেলায় এসেছিলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি দেখার আর্জি জানিয়েছিলেন।
উত্তরভাগ থেকে কাটাখাল যাওযার রাস্তায় সেচদপ্তরের সাড়ে তিন বিঘা জমি বরাদ্দ থানা নির্মাণের জন্য। বারুইপুর থানার মধ্যে আছে ১৯টি পঞ্চায়েত ও একটি পুরসভা। হাড়দহ, বৃন্দাখালি,বেলেগাছিতে অপরাধ হলে বারুইপুর থানা থেকে পুলিশকে ঘটনাস্থলে পৌঁছতে কয়েকঘণ্টা সময় লাগে। থানা থেকে বৃন্দাখালির দূরত্ব ১৬ কিলোমিটার, বেলেগাছি ১৮ কিমি। নয়া থানা নির্মিত হলে বেলেগাছি, হাড়দহ, বৃন্দাখালি, নবগ্রাম, রামনগর ১, রামনগর ২, চম্পাহাটি, বেগমপুর, ধোসা পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন। হাড়দহের এক বাসিন্দা বলেন, ‘বারুইপুর থানায় অভিযোগ জানাতে গেলে দু’বার অটো পালটে যেতে হয়। প্রায় ১০০ টাকা খরচ। বড়ো ঘটনা ঘটলে পুলিশ আসতে আসতে কম্ম সাবার। সরকারের উচিত অবিলম্বে সমস্যার সুরাহা করার।’ বেলেগাছির বাসিন্দারা বলেন, ‘তিনবার অটো পালটে যেতে হয় থানায়। উত্তরভাগ থানা দ্রুত তৈরি করা হোক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ