Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও আতলেতিকোর বিরুদ্ধে দুরন্ত জয় বার্সার

লা লিগা খেতাব জয়ের আরও কাছে বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিল হান্স ফ্লিকের ছেলেরা

পিছিয়ে পড়েও আতলেতিকোর বিরুদ্ধে দুরন্ত জয় বার্সার
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আতলেতিকো মাদ্রিদ- ১    :     বার্সেলোনা- ২
(সিমোনে)               (র‌্যাশফোর্ড, লিওয়ানডস্কি)

Advertisement

মাদ্রিদ: লা লিগা খেতাব জয়ের আরও কাছে বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে দুরন্ত জয় ছিনিয়ে নিল হান্স ফ্লিকের ছেলেরা। সেই সুবাদে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেল কাতালন ক্লাবটি। লিগের বাকি আর আটটি ম্যাচ। বড় কোনো অঘটন না ঘটলে বার্সেলোনার ২৯তম লিগ খেতাব ঘরে তোলা এখন শুধু সময়ের অপেক্ষা। শনিবারের ম্যাচে বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন মার্কাস র‌্যাশফোর্ড ও রবার্ট লিওয়ানডস্কি। আতলেতিকোর একমাত্র গোলটি গিলিয়ানো সিমোনের। এই জয়ের সুবাদে ৩০ ম্যাচে বার্সার সংগ্রহ ৭৬ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে রিয়ালের ঝুলিতে রয়েছে ৬৯। আর হেরে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই রইল আতলেতিকো।
চলতি মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ছ’বার একে অপরের মুখোমুখি হওয়ার কথা বার্সেলোনা আর আতলেতিকোর। এর আগে কোপা ডেল রে’র সেমি-ফাইনালে দুই লেগের সাক্ষাতে ৪-৩ ব্যবধানে জিতে মাঠ ছেড়েছিল ডিয়েগো সিমোনে ব্রিগেড। সামনেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল। সেখানেও একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে এই দু’দল। তার আগে শনিবার লা লিগায় জিতে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল হান্স ফ্লিক ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে শুরুটা দারুণ করেছিল তারা। তবে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও বল জালে জড়াতে ব্যর্থ হন ইয়ামালরা। উলটে ৩৯ মিনিটে গতির বিপরীতে আতলেতিকোকে এগিয়ে দেন গিলিয়ান সিমোনে (১-০)। অবশ্য পিছিয়ে পড়ার তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে বার্সা। স্কোরশিটে নাম তোলেন র‌্যাশফোর্ড (১-১)। এরপর প্রথমার্ধের শেষ লগ্নে লাল কার্ড দেখেন আতলেতিকোর নিকো গঞ্জালেস। আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতার অ্যাডভান্টেজ পায় বার্সা। আর তা কাজে লাগিয়ে ৮৭ মিনিটে দলের জয় নিশ্চিত করেন সুপার-সাব লিওয়ানডস্কি (২-১)। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে ক্যাম্প ন্যুয়ে ফের মুখোমুখি হবে দুই দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ