Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত: যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার তৈরির ভাবনা

বারাসত শহরের অন্যতম সমস্যা হল যানজট। সে কারণে অফিসের ব্যস্ত সময় রাস্তার পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। এ সমস্যা দীর্ঘদিনের।

বারাসত: যানজট সমস্যার সমাধানে ফ্লাইওভার তৈরির ভাবনা
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত শহরের অন্যতম সমস্যা হল যানজট। সে কারণে অফিসের ব্যস্ত সময় রাস্তার পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। এ সমস্যা দীর্ঘদিনের। এবার তা সমাধানে ফ্লাইওভার তৈরির পরিকল্পনা হয়েছে। প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও শুরু হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা প্রকাশ করেনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

Advertisement

জানা গিয়েছে, প্রস্তাবিত ফ্লাইওভারটির প্রায় আড়াই কিলোমিটার লম্বা। প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে ২৫০ কোটি টাকা। ফ্লাইওভারটি হবে ত্রিমুখী। চাঁপাডালি মোড়, ডাকবাংলো মোড় এবং হেলাবটতলা বা কলোনি মোড়, এই তিন গুরুত্বপূর্ণ সংযোগকে যুক্ত করবে। বনগাঁ ও সীমান্তমুখী যানগুলি ডাকবাংলো মোড়ের ট্রাফিক সিগন্যাল এড়িয়ে সরাসরি যাতে যেতে পারে তার জন্য যশোর রোডের সঙ্গে একটি সংযোগ লুপ রাখার পরিকল্পনা আছে। পাশাপাশি একটি আন্ডারপাসও থাকার সম্ভাবনা। এর ফলে যশোর রোড থেকে আসা ছোট গাড়ি ফ্লাইওভারের নীচ দিয়ে সিগন্যাল এড়িয়ে চলাচল করতে পারবে।
প্রকল্পের  রুট ঠিক করার জন্য ড্রোন ইমেজিং ও ডিজিটাল ম্যাপিংয়ের সার্ভে ও সয়েল টেস্ট হবে। তারপর রাস্তার দু’ধারের জবরদখল চিহ্নিত করে এবং ভূগর্ভস্থ জল ও বিদ্যুতের লাইন হটানার প্রাথমিক নকশা তৈরি হবে। প্রকল্পটি এখন ‘প্রি-টেন্ডার’ পর্যায়ে আছে। অনুমোদন মিললে টেন্ডার ডেকে শুরু হবে নির্মাণকাজ। 
এই পরিকল্পনা রূপায়িত হলে দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে বারাসতে। 
উল্লেখ্য, ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে বারাসত শহর সংলগ্ন অংশ দীর্ঘদিন ধরেই অন্যতম বড় জট হিসেবে চিহ্নিত। সম্প্রসারণের কাজ যখন উত্তর ২৪ পরগনার অন্য অংশে দ্রুতগতিতে এগচ্ছে তখন ডাকবাংলো মোড়ের এই ফ্লাইওভার তৈরি হলে কলকাতা বিমানবন্দর থেকে কৃষ্ণনগর ও উত্তরমুখী রুটে যান চলাচল অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ