Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আপাতত অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে বারাসতের আবর্জনা, জমির মালিকের সঙ্গে আলোচনা সারলেন বিধায়ক

বারাসতে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলা শুরু হয়েছে। বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের উদ্যোগে সমস্যার সমাধান হলো। বিস্তারিত পড়ুন।

আপাতত অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে বারাসতের আবর্জনা, জমির মালিকের সঙ্গে আলোচনা সারলেন বিধায়ক
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ডাম্পিং গ্রাউন্ড এখনও তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে জঞ্জাল সমস্যায় নাজেহাল বারাসত শহর। রাস্তায় রাস্তায় জমে থাকছিল আবর্জনা। সেই পরিস্থিতিতে আপাতত অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা হল বারাকপুর রোড সংলগ্ন একটি বহুতল আবাসনের পিছনের জমিতে। বৃহস্পতিবার থেকে সেখানে শহরের জঞ্জাল ফেলা শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, এই জমিতেই আগে বারাসত পুরসভার বর্জ্য ফেলা হত। কিন্তু বর্ষাকালে জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগে প্রায় দু’বছর আগে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে বিকল্প জায়গার অভাবে শহরের বর্জ্য নিষ্পত্তি নিয়ে সমস্যায় পড়ে পুরসভা। অভিযোগ, এই সময়ের মধ্যে জমির মালিকের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সম্প্রতি শহরের বাসিন্দাদের একাংশ জঞ্জাল সমস্যার কথা জানান বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়কে। তারপরেই তিনি সংশ্লিষ্ট জমির মালিকের সঙ্গে আলোচনায় বসেন। বিধায়কের উদ্যোগে হওয়া বৈঠকের পর ফের ওই জমিতে অস্থায়ীভাবে শহরের বর্জ্য ফেলার অনুমতি দেন মালিকপক্ষ। সেই সিদ্ধান্তের জেরেই বৃহস্পতিবার থেকে সেখানে জঞ্জাল ফেলা শুরু হয়েছে। বিধায়ক শংকর চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে বিষয়টি অমীমাংসিত ছিল। পুরসভার পক্ষ থেকে জমির মালিকের সঙ্গে কথা বলে সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শহরবাসীর দুর্ভোগের কথা ভেবেই আমি আলোচনায় বসি। তার ফলে অস্থায়ীভাবে এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ