Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বরানগরে চালু বন্ধ হওয়া চটকল, খুশির হাওয়া শ্রমিকদের মহল্লায়

ভোটের আবহে বরানগরে চটকল চালু। কাজ করছেন কয়েক হাজার শ্রমিক। খুশির হাওয়া শ্রমিক মহল্লায়

বরানগরে চালু বন্ধ হওয়া চটকল, খুশির হাওয়া শ্রমিকদের মহল্লায়
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ভোটের আবহে বরানগরে চটকল চালু। কাজ করছেন কয়েক হাজার শ্রমিক। খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। যা ভোটের আগে বরানগরে কয়েক কদম এগিয়ে দিয়েছে ঘাসফুল শিবিরকে। যদিও বিজেপি নেতৃত্ব বিষয়টিকে তৃণমূলের নির্বাচনি কৌশল বলে কটাক্ষ করেছে।

Advertisement

বরানগরের চটকলে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। তবে আগের তুলনায় কাজের পরিমাণ ও শ্রমিক সংখ্যা কমেছে। শ্রমিক বঞ্চনা নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে বিভিন্ন সময়। কিন্তু কাঁচামাল অর্থাৎ পাটের অভাবে মাস তিনেক আগে এই চটকল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কারখানা লাগোয়া বরানগর পুরসভার চার, পাঁচ, ছয় ও সাত নম্বর ওয়ার্ডের বহু মানুষ তীব্র বিপাকে পড়েন। কারণ, এই তিনটি ওয়ার্ডের বহু মানুষ চটকলে কাজ করতেন। শ্রমিক মহল্লায় কান্নার রোল উঠেছিল। 
কিন্তু ১৮ তারিখ সকাল ছ’টা থেকে দুপুর দু’টো পর্যন্ত এক সিফটে কারখানা চালু করা হয়েছে। ফলে কাজের সুযোগ পেয়েছেন শ্রমিকরা। খুশির হাওয়া শ্রমিক মহল্লায়। আইএনটিটিইউসির উত্তর বরানগর সভাপতি তথা ওই চটকলের আইএনটিটিইউসি ইউনিয়নের কনভেনার শঙ্কর রাউত বলেন, আগে এই কারখানার শ্রমিকদের বকেয়া পিএফ ও গ্র্যাচুইটির প্রাপ্য টাকা পাওয়ার ক্ষেত্রে দেবদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচারে গিয়ে মানুষের সমস্যা শুনে এবারও তিনি হাল ধরেছেন। তাঁর উদ্যোগেই ফের চটকলের মেশিন চালু হয়েছে। গরীব মানুষ হাতে কাজ পেয়ে দু’হাত তুলে আশীর্বাদ করছেন। বিরোধীদের অপপ্রচারে কোনো লাভ হবে না। বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি চণ্ডীচরণ রায় বলেন, বরানগর চটকল থেকে কোটি কোটি টাকার লুট চলে। প্রতিদিন কারখানার শ্রমিক কমানো হচ্ছে। চটকলের জায়গায় গোডাউন করা হয়েছে। বহিরাগত শ্রমিক এনে কাজ করানো হয়। চটকলের প্রতারিত শ্রমিকরা এবার তৃণমূলকে শিক্ষা দিতে জোটবদ্ধ হয়েছেন। ভোটের আগে সস্তা নাটক মানুষ ধরে ফেলেছে। 

সম্পর্কিত সংবাদ