Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত বারাবনি, এসআইআরের অভিঘাত? বিজেপির পরিবর্তন যাত্রা ফ্লপ

সপ্তাহব্যাপী পরিবর্তন যাত্রা নিয়ে ঢালাও প্রচার।

তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত বারাবনি, এসআইআরের অভিঘাত? বিজেপির পরিবর্তন যাত্রা ফ্লপ
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুমন তেওয়ারি, আসানসোল:  সপ্তাহব্যাপী পরিবর্তন যাত্রা নিয়ে ঢালাও প্রচার। বিভিন্ন রাস্তায় পতাকা লাগানো, ব্যানার টাঙানো—আয়োজনের কোনও খামতি ছিল না। সবমিলিয়ে যাত্রা সফল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল বিজেপি। উদ্দেশ্য একটাই, রাস্তায় যেন জনজোয়ার নামে। বাস্তবে দেখা গেল উল্টো ছবি! কল্যাণেশ্বরী হোক বা দেন্দুয়া, রূপনারায়ণপুর হোক বা বারাবনি—বৃহস্পতিবার পরিবর্তন যাত্রায় স্বতঃস্ফূর্তভাবে সাথ দিল না শিল্পাঞ্চলের সাধারণ মানুষ। ফলে, কর্মসূচি কার্যত ফ্লপ। কিন্তু, কেন পরিবর্তন যাত্রার মতো একটা মেগা কর্মসূচিতে জনশক্তি প্রদর্শন করতে ব্যর্থ হল বিজেপি? 

Advertisement

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই ব্যর্থতার পিছনে কাজ করেছে আসলে এসআইআর। জেলায় বিচারাধীন ভোটার সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার।  সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্রে এমন কর্মসূচি হতেই পারে। কিন্তু, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে যেভাবে বিভাজনের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও যেভাবে হয়রানি করা হচ্ছে, সেটা সাধারণ মানুষ হজম করতে পারছে না। আর এক্ষেত্রে যে বিজেপি কলকাঠি নাড়ছে, তা মোটামুটি ধরে নিয়েছে আম জনতা। সেই কারণেই পরিবর্তন যাত্রায় লোক-লস্কর জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বঙ্গের বিজেপি নেতাদের। সুযোগ বুঝে তৃণমূলের খোঁচা, এসব আসলে বিজেপির ‘যাত্রাপালা’। 
এদিন, শিল্পাঞ্চলের কোথাও ‘পরিবর্তন যাত্রা’য় সাধারণ মানুষকে সেভাবে দেখা যায়নি। হুড খোলা ম্যাটাডোরের সঙ্গী শুধু নেতাদের গাড়ির কনভয়। এরমধ্যেই আবার পরিবর্তন যাত্রা ঘিয়ে তেতে ওঠে বারাবনির গৌরান্ডি এলাকা। তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেধে যায়। তৃণমূলের অভিযোগ, অশান্তি  পাকাতে একটি বিশেষ সম্প্রদায়কে নিশানা করা হয়েছে পরিবর্তন যাত্রা থেকে। সেটা প্রতিরোধ করেছেন স্থানীয় মানুষজন। সাজিদ খান নামে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি। তাতে পরিবর্তন যাত্রার বেশ কয়েকটি গাড়ির কাচও ভাঙা পড়ে। অন্যদিকে, বিজেপির দাবি বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে তৃণমূল। যদিও এসিপি মিহিরকুমার দে বলেন, ‘রাজনৈতিক সংঘর্ষ নিয়ে কোনও লিখিত অভিযোগ হয়েছে কিনা জানা নেই।’ 
বিজেপির জেলা সাধারণ সম্পাদক অরিজিৎ রায় বলেন, ‘তৃণমূল পরিবর্তন যাত্রা নিয়ে আতঙ্কিত। আমাদের কর্মীদের গাড়ি ভাঙচুর করেছে। মারধর করেছে।’ বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, ‘বিজেপির পরিবর্তন যাত্রায় কোনও সাধারণ মানুষ নেই। বাইরে থেকে টাকা দিয়ে লোক এনে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তারাই হঠাৎ আমাদের এক কর্মীকে মারধর করে। তখন স্থানীয় লোকজন প্রতিবাদ করেছে।’  কল্যাণেশ্বরী মন্দির এলাকা থেকে বিজেপির পরিবর্তন যাত্রা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ