Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পিছনের গেট খুলে রাখার সিদ্ধান্ত বাঁকুড়া মেডিকেলে

বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়দের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিস্তারিত পড়ুন।

পিছনের গেট খুলে রাখার সিদ্ধান্ত বাঁকুড়া মেডিকেলে
  • ২১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের পিছনের দিকের একটি গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আগের মতো ওই প্রবেশদ্বার পুরোপুরি উন্মুক্ত থাকবে না। সেখানে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবে। গেটের পাশে করা হবে একটি চেকপোস্ট। অবাধে যাতে বাইরের যানবাহন হাসপাতালের মধ্যে ঢুকতে না পারে তার জন্যই এই ব্যবস্থা বলে আধিকারিকরা জানিয়েছেন। 

Advertisement

উল্লেখ্য, পিছনের দিকের গেট বন্ধ থাকায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে ঘুরপথে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় গর্ভের সন্তান নষ্ট হয় বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে গত শনিবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কড়গাহীর সহ আশপাশের এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। শুরু হয় বিক্ষোভ-অবরোধ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠি চালাতে হয়। ১৯ জনকে পুলিশ গ্রেপ্তার করে। আগের মতো হাসপাতালের পিছনের দিকের গেট খোলা থাকলে ওই মহিলার সন্তান নষ্ট হত না বলে বাসিন্দারা দাবি করেন। ওই ঘটনার পর মেডিকেল কর্তৃপক্ষ এলাকাবাসীর সুবিধার্থে গেট খোলার সিদ্ধান্ত নিয়েছে।
বাঁকুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু বলেন, হাসপাতালের পিছনের দিকে আগে দু’টি গেট ছিল। বর্তমানে সে দু’টি বন্ধ রয়েছে। তার মধ্যে একটি গেট আমরা খুলে দিতে চাই। আগে ওই গেটে কোনো নজরদারি ব্যবস্থা ছিল না। ফলে অবাঞ্ছিত যানবাহন হাসপাতালের মধ্যে দিয়ে চলাচল করত। আগামী দিনের তা যাতে না হয় আমরা দেখব। আবার স্থানীয়দেরও যাতে হাসপাতালে যাতায়াত করতে সুবিধা হয়, তা দেখা হবে। গেটে একজন রক্ষী থাকবেন। সেখানে চেকপোস্ট তৈরির জন্য পূর্তদপ্তরের বরাদ্দকৃত অর্থ কাজে লাগানো হবে। 
হাসপাতাল সংলগ্ন কড়গাহীর এলাকার বাসিন্দা নমিতা মালাকার, সাধন মণ্ডল বলেন, মেডিকেল কর্তৃপক্ষ একটি গেট এলাকাবাসীর জন্য খুলে রাখলে অনেক সুবিধা হয়। মূলত রোগী নিয়ে টোটো, অটো সহ চারচাকার গাড়ি ওই গেট দিয়ে যাতায়াত করবে। কেউ কেউ বাইক নিয়ে হাসপাতাল হয়ে মেন রাস্তাতেও যেতে পারে। সেক্ষেত্রে হাসপাতালের মধ্য দিয়ে যাওয়ার সময় যাতে বাইকের গতি নিয়ন্ত্রণে থাকে তারজন্য আমরাও এলাকার বাসিন্দাদের সতর্ক করব।

Advertisement
সম্পর্কিত সংবাদ