Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যাংক বাঁচাতে স্বল্প সঞ্চয়ের সুদে কোপ! আশঙ্কায় গ্রাহকরা

স্বল্প সঞ্চয়ে সুদের হার কি এবার কমাতে পারে কেন্দ্র? রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরামর্শ মানলে সেদিকেই হাঁটতে হবে কেন্দ্রীয় সরকারকে।

ব্যাংক বাঁচাতে স্বল্প সঞ্চয়ের সুদে কোপ! আশঙ্কায় গ্রাহকরা
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: স্বল্প সঞ্চয়ে সুদের হার কি এবার কমাতে পারে কেন্দ্র? রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পরামর্শ মানলে সেদিকেই হাঁটতে হবে কেন্দ্রীয় সরকারকে। কারণ, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে যে সুদের হার রয়েছে, তার থেকে ব্যাংকের নিজস্ব মেয়াদি আমানতগুলির (এফডি) সুদের হার অনেকাংশেই কম। তাই মানুষ ব্যাংকের আমানত ছেড়ে ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পের দিকে বেশি ঝুঁকছে। তাতে ব্যাংকের আর্থিক পরিস্থিতি দুর্বল হওয়ার আশঙ্কা থাকছে। আর তা নিয়েই চিন্তিত রিজার্ভ ব্যাংক। তাদের বক্তব্য, যে হারে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদ দেওয়া হয়, তা সর্বোচ্চ বার্ষিক ১.৪১ শতাংশ হারে বেশি। ফলে ব্যাংকে যে পরিমাণ আমানত বা ডিপোজিট জমা হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। 

Advertisement

বর্তমানে সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনায় বার্ষিক ৮.২ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৭.৭ শতাংশ, মান্থলি ইনকাম স্কিম বা এমআইএসে ৭.৪ শতাংশ, পিপিএফে ৭.১ শতাংশ, পাঁচ বছরের রেকারিং ডিপোজিটে ৬.৭ শতাংশ, ৫ বছরের মেয়াদি আমানতে ৭.৫ শতাংশ, তিন বছরের মেয়াদি আমানতে ৭.১ শতাংশ, দু’বছরের মেয়াদি আমানতে ৭ শতাংশ এবং এক বছরের ক্ষেত্রে ৬.৯ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এর পাশাপাশি ডাকঘর সেভিংস অ্যাকাউন্টে ৪ শতাংশ হারে সুদ মেলে। সুদের এই হার চালু আছে ২০২৪ সালের জানুয়ারি থেকে। ২০২৬ সালের জানুয়ারি মাসের হিসাবের ভিত্তিতে রিজার্ভ ব্যাংক বলছে, মানুষ ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যা সঞ্চয় করেন, তার ১৯.১ শতাংশই স্মল সেভিংস স্কিমে। ২০২৫ সালের জানুয়ারিতে এই হার ছিল ১৭.৯ শতাংশ। যার অর্থ, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং মেয়াদি প্রকল্পের তুলনায় জনপ্রিয়তা বাড়ছে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির। এদিকে, মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গত কয়েক মাসে দফায় দফায় রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাংক। রেপো রেট কমলে সাধারণত ব্যাংকগুলিও আমানতের উপর সুদের হার কমায়। আরবিআই দাবি করেছে, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার বেড়ে থাকার কারণে ব্যাংকগুলি রেপো রেটের সঙ্গে সামঞ্জস্য রেখে আমানতের উপর সুদের হার কমাতে পারছে না। বিশেষজ্ঞদের কথায়, রেপোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলিকে ঋণ প্রকল্পের উপর সুদ কমাতে হচ্ছে। তাই সুদ বাবদ আয়ে মার খাচ্ছে ব্যাংকগুলি।
স্বল্প সঞ্চয়ে সুদের হার কতটা বেশি আছে? রিজার্ভ ব্যাংক হিসাব কষে দেখিয়েছে, সবচেয়ে বেশি সুদ রয়েছে ডাকঘরের এক বছরের মেয়াদি আমানতে। যেখানে সুদের হার থাকার কথা ছিল ৫.৪৯ শতাংশ, তা বেশি আছে ১.৪১ শতাংশ। দু’বছরের মেয়াদি আমানতে সুদের হার ১.৩ শতাংশ বেশি রয়েছে। তিন বছরের মেয়াদি আমানতের ক্ষেত্রে সুদ বেশি রয়েছে ০.৯১ শতাংশ। রিজার্ভ ব্যাংকের দাবি, সরকারি বন্ডগুলিতে যে হারে সুদ দেওয়া হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার নির্ধারণ করা উচিত। তাদের এই পরামর্শ যদি কেন্দ্র মেনে নেয়, তাহলে স্বল্প সঞ্চয়ের সুদে বড়ো ধরনের কোপ পড়বে বলেই আশঙ্কা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ