


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দুয়ারে ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে পুরস্কৃত হলেন ক্যানিং ২ ব্লকের তালদির বাসিন্দা নাজিমা সর্দার। ২০২৪-২৫ সালে তাঁর মাধ্যমে মোট ৮৯.০৩ কোটি আর্থিক লেনদেন হয়েছে (ডিজিটাল ট্রানজ্যাকশন)। উপকৃত হয়েছে লাখখানেক মানুষ। পরিষেবা দিয়ে কমিশন বাবদ তাঁর আয় হয়েছে ছয় লক্ষ টাকার বেশি। এই নজির গড়ে স্বীকৃতি পেয়েছেন তিনি। নাজিমা রাজ্যে একমাত্র ‘বিজনেস করেসপন্ডেন্ট সখী’ বা ‘ব্যাঙ্ক সখী’, যিনি এবার এই পুরস্কার পেলেন। কারণ তাঁর মাধ্যমেই সব থেকে বেশি টাকা তোলা ও জমা দেওয়ার কাজ হয়েছে রাজ্যের গ্রামে। পুরস্কার হিসেবে তিনি সব থেকে বেশি আয়ও করেছেন।
নাজিমা গ্রামের একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। পাশাপাশি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এজেন্ট হিসেবে এই কাজ করেন তিনি। নাজিমা বলেন, প্রায় দু’বছর হল এই কাজের সঙ্গে আমি যুক্ত। আশেপাশে আরও অনেকেই এই পরিষেবা দিচ্ছেন। কিন্তু মানুষ আমার কাছেই বেশি আসেন। কারণ টাকা জমা ও তোলার ব্যবস্থা করা ছাড়াও ব্যাঙ্কের নানা কাজ আমি করিয়ে দিই। এই পুরস্কার পেয়ে আমি খুবই খুশি। এদিকে দপ্তরের দাবি, গ্রামে গ্রামে এই ‘বিসি সখী’দের ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে গ্রামীণ বাসিন্দাদের আর ৫-১০ কিলোমিটার পাড়ি দিয়ে ব্যাঙ্কে যেতে হচ্ছে না। দিনে রাতে, যখন তখন চলছে টাকা তোলা ও জমার কাজ। এতে উপকৃত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। -নিজস্ব চিত্র