Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভারতীয় পাসপোর্ট ও একাধিক নথি সহ ধৃত বাংলাদেশি

পেট্রাপোল থানার পুলিশ ভারতীয় পাসপোর্ট সহ বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করেছে। তদন্তে জাল নথির প্রমাণ মিলেছে। বিস্তারিত পড়ুন।

ভারতীয় পাসপোর্ট ও একাধিক নথি সহ ধৃত বাংলাদেশি
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ভারতীয় পাসপোর্ট ও বেশ কিছু নথি সহ এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ। ধৃত মহিলার নাম স্বপ্না শেখর সিং ওরফে জেসমিন (৩৫)। বাংলাদেশের গাজিপুরের বাসিন্দা তিনি। প্রাথমিক তদন্তে ভারত ও বাংলাদেশের পাসপোর্ট থাকার প্রমাণ মিলেছে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার বাংলাদেশ থেকে ভারতে আসার সময় অভিবাসন দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিবাসন দপ্তরের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করে। রবিবার তাঁকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।জানা গিয়েছে, শনিবার দুপুরে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে আসেন জেসমিন। মহারাষ্ট্রের বাসিন্দা হিসাবে ভারতীয় পাসপোর্ট জমা দেন। পেট্রাপোল অভিবাসন দপ্তরে তাঁর নথি পরীক্ষা করা হয়। আঙুলের ছাপ দিতেই আধিকারিকদের সন্দেহ হয়। তাঁর বাংলাদেশের পাসপোর্ট সহ একাধিক নথির প্রমাণ মেলে। পুলিশের অনুমান, বাংলাদেশি ওই মহিলা এদেশে এসে জাল ভারতীয় নথি তৈরি করে এদেশের পাসপোর্ট তৈরি করেছিলেন। সেই পাসপোর্ট নিয়ে ভারতীয় হিসাবে বাংলাদেশে গিয়েছিলেন। জানা গিয়েছে, পুলিশি জেরায় ওই মহিলা জানিয়েছেন, গত মে মাসে বাংলাদেশে গিয়েছিলেন তিনি। দীর্ঘদিন মুম্বইয়ে ছিলেন। তবে বাংলাদেশ থেকে কবে এসেছেন, মুম্বইয়ে কী কাজ করতেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। হেপাজতে নিয়ে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পেট্রাপোল থানার পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ