Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএফের উপর হামলা হতেই আত্মরক্ষার্থে গুলি, নিহত বাংলাদেশি দুষ্কৃতী

ফের বাংলাদেশ সীমান্তে সশস্ত্র তাণ্ডব অবৈধ পারাপারকারীদের। আচমকা আক্রমণে জখম কর্তব্যরত এক বিএসএফ জওয়ান। শনিবার ভোরে উত্তর দিনাজপুর জেলার ভাটোল সীমান্ত এলাকার ঘটনা।

বিএসএফের উপর হামলা হতেই আত্মরক্ষার্থে গুলি, নিহত বাংলাদেশি দুষ্কৃতী
  • ১৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ফের বাংলাদেশ সীমান্তে সশস্ত্র তাণ্ডব অবৈধ পারাপারকারীদের। আচমকা আক্রমণে জখম কর্তব্যরত এক বিএসএফ জওয়ান। শনিবার ভোরে উত্তর দিনাজপুর জেলার ভাটোল সীমান্ত এলাকার ঘটনা। অভিযোগ, কাঁটাতার কেটে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা চালায় কয়েকজন দুষ্কৃতী। প্রতিরোধ করলে কর্তব্যরত বিএসএফ জওয়ানের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কয়েকজন। আত্মরক্ষায় বিএসএফ জওয়ান পাল্টা গুলি চালালে মৃত্যু হয় একজনের। বিএসএফের অনুমান, মৃত যুবক বাংলাদেশি। 

Advertisement

ভাটোল অঞ্চলের পরিয়াল বিওপি এলাকার বিস্তীর্ণ অংশে চাষের খেত।  বিএসএফ, পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ সীমান্তে জড়ো হয় জনা সাতেক বাংলাদেশি দুষ্কৃতী। তারা পরিয়াল বিওপির আন্তর্জাতিক সীমান্তে তারকাঁটার বেড়া যন্ত্রের সাহায্যে কেটে ফেলে। একে একে কাঁটাতার টপকে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা চালায়। ঘটনাটি এক জওয়ানের নজরে পড়ে যায়। তিনি দুষ্কৃতীদের আটকাতে যান। আত্মসমর্পণ করতে বললে নির্দেশ অমান্য করে দুষ্কৃতীরা জওয়ানের উপর চড়াও হয়। প্রাণে মেরে ফেলতে জওয়ানের উপর দা নিয়ে হামলা চালায়। কোপানোর চেষ্টা করলে জওয়ান হাতে গুরুতর চোট পান। এরপরই আত্মরক্ষার্থে ওই জওয়ান আক্রমণকারীদের একজনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তাতেই এক দুষ্কৃতীর মৃত্যু হয়। 
অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির গুলিবিদ্ধ দেহ ভাটোল ফাঁড়ির পুলিসের সহযোগিতায় উদ্ধার করে আনা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে চারজন বাংলাদেশের দিকে পালিয়ে যায়। আরও দু-একজন পরিয়াল বিওপির দিকে গিয়েছে। সংশ্লিষ্ট গ্রাম ও পরিয়াল বিওপি রায়গঞ্জ ব্লকের অন্তর্গত হলেও এই এলাকায় মোতায়েন বিএসএফের  ৮৭ নম্বর ব্যাটালিয়ন পাঞ্জিপাড়া সেক্টরের অধীনে। রায়গঞ্জ শহর থেকে অন্তত ৩০ থেকে ৩৫ কিমি দূরে গ্রামটি। এদিন ঘটনার পর দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে আসা এক বিএসএফ আধিকারিকের কথায়, এই হামলার ঘটনায় আমাদের ব্যাটালিয়নের এক জওয়ান আঘাত পেয়েছেন। তাঁর চিকিৎসা চলছে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। তিনি আপাতত স্থিতিশীল। কাঁটাতারের বেড়ার কাটা অংশ চিহ্নিত করা হয়েছে। সেখান দিয়ে সন্দেহভাজনরা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। সেসময় গুলি ছোড়েন আমাদের এক জওয়ান। আন্তর্জাতিক সীমানার কাঁটাতারের কাছ থেকে দেহ উদ্ধার হয় একজনের। বিএসএফের অনুমান, ওই যুবক বাংলাদেশি নাগরিক।  এনিয়ে রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ