সংবাদদাতা, বনগাঁ: এবার ভূতুড়ে ভোটার নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বাগদার এক তৃণমূল কংগ্রেস নেতা। তিনি দাবি করেছেন, বাগদা বিধানসভা কেন্দ্র এলাকায় কয়েক হাজার ভূতুড়ে ভোটার রয়েছেন। তাঁদের বেশিরভাগই আদতে বাংলাদেশের লোক, এমনকী তাঁরা এদেশে থাকেন না, অনেকে বাংলাদেশে চাকরি পর্যন্ত করেন। ভোটের সময় এদেশে এসে ভোট দিয়ে তাঁরা ফিরে যান। তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করবেন বলেও দাবি করেন এই তৃণমূল কংগ্রেস নেতা। বাগদা ব্লকে ৯টি গ্রাম পঞ্চায়েত। গত পঞ্চায়েত নির্বাচনে ৬টিতে তৃণমূল জয়ী হয়। হেলেঞ্চা, কনিয়াড়া-১ এবং কনিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। সোমবার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি অঘোরচন্দ্র হালদার দাবি করেন, গত পঞ্চায়েত নির্বাচনে ভূতুড়ে ভোটারের জোরেই বাগদায় তিনটি পঞ্চায়েতে বিজেপি জিতেছিল। তিনি বলেন, ‘হেলেঞ্চায় ইতিমধ্যে চারশোর বেশি ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। তাঁদের বেশিরভাগই বাংলাদেশের বাসিন্দা। বিজেপি গত পঞ্চায়েত নির্বাচনে ওই লোকগুলির ভোটেই জিতেছিল। বিষয়টির তদন্তের জন্য ব্লক প্রশাসনকে জানাব।’



