বাংলায় শেষদফা ভোটের আগে সিল করা হল বাংলাদেশ সীমান্ত
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

কলকাতা, ২৮ এপ্রিল: বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত পর্ব। তার আগে উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত দিয়ে মানুষ ও যানবাহন চলাচল দুটোই বন্ধ করল কেন্দ্র। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে। নিষেধাজ্ঞাটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলের ক্ষেত্রেও প্রযোজ্য।

Advertisement

তবে, এই নির্দেশে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, ভোটাধিকার প্রয়োগের জন্য ফিরে আসা ভোটার এবং পচনশীল পণ্য পরিবহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। জেলার তেত্রিশটি বিধানসভা কেন্দ্রে ২৯শে এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পেট্রাপোলের এক আধিকারিকের দাবি, এই নির্দেশিকার উদ্দেশ্য আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করা। যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। নির্বাচনের সময় এই পথে চোরাচালান এবং অবৈধ চলাচল আটকাতেই এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 
 
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২,২০০ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার একটা বড় অংশ রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। এটিকে বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোরে পরিণত করেছে। পেট্রাপোল ভারত-বাংলাদেশ বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রুটে প্রতিদিন প্রায় ৭০০ থেকে ১,০০০ ট্রাক পোশাক, সুতির সুতা, খাদ্যদ্রব্য, প্লাস্টিক এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর আমদানি - রপ্তানি হয়।