Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

কুলদীপকে দলে চান বাঙ্গার, কোচ গম্ভীরে হতাশ আকাশ

দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে কুলদীপ যাদবকে খেলানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

কুলদীপকে দলে চান বাঙ্গার, কোচ গম্ভীরে হতাশ আকাশ
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে কুলদীপ যাদবকে খেলানোর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘কীভাবে প্রথম এগারোয় কুলদীপকে আনা যায়, তা নিয়ে ভাবতে হবে দলকে। কারণ ইংল্যান্ডের ব্যাটাররা যেভাবে প্রথম টেস্টে খেলেছে, তাতে কুলদীপের বোলিং কার্যকর হতে পারে। এমনিতেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা রিস্টস্পিন ভালো খেলতে পারে না। এটা মাথায় রাখতেই হবে।’ একই সুরে গলা মিলিয়েছেন প্রাক্তন ক্রিকেটার বদ্রীনাথও। তিনি শার্দূল ঠাকুরের পরিবর্তে অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় কুলদীপকে দলে চাইছেন।

Advertisement

এদিকে, টেস্টে কোচ হিসেবে গৌতম গম্ভীরের ব্যর্থতার রেকর্ড নিয়েও চলছে জোর চর্চা। তাঁর সময়কালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে ভারত, যা নজিরবিহীন। বর্ডার-গাভাসকর ট্রফিও হাতছাড়া হয়েছে এক দশক পর। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও ০-১ পিছিয়ে পড়েছে ভারত। কোচ গম্ভীরকে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, ‘রীতিমতো চাপে রয়েছে গম্ভীর। সেটা ক্রমশ বাড়ছে। টেস্টে কোচ হিসেবে প্রত্যাশা পূরণে ব্যর্থ। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটো ম্যাচ ও অস্ট্রেলিয়ায় একটা ম্যাচ ছাড়া জয় নেই। বরং হেরেই চলছে একের পর এক টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও সেই ধারা বজায় থাকলে প্রশ্ন উঠবেই। টিম ম্যানেজমেন্ট যা চেয়েছে নির্বাচকরা তাই দিয়েছে। পছন্দসই দল পাওয়ার পরও যদি পারফরম্যান্স না আসে, তখন অজুহাতের জায়গা থাকে না।’

সম্পর্কিত সংবাদ