Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চাষিদের সঙ্গে কথা বললেন বনগাঁর বিডিও, সীমান্তে সমাধান জমিজটের

সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এই নির্দেশের পর জমি হস্তান্তরের প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে।

চাষিদের সঙ্গে কথা বললেন বনগাঁর বিডিও, সীমান্তে সমাধান জমিজটের
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সীমান্তে কাঁটাতারের জন্য জমি হস্তান্তরের প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে শেষ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এই নির্দেশের পর জমি হস্তান্তরের প্রক্রিয়া জোর কদমে শুরু হয়েছে। জমি হস্তান্তরের বিষয়ে বৃহস্পতিবার বনগাঁর পেট্রাপোল সীমান্তে চাষিদের সঙ্গে কথা বললেন বনগাঁর বিডিও। বিএসএফকে সঙ্গে নিয়ে সীমান্তের জমি পরিদর্শন করেন প্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ছয়ঘরিয়া পঞ্চায়েতের কিছু চাষি জমি দিতে রাজি হননি। এদিন এরকম প্রায় ১৫ জন চাষির সঙ্গে কথা বলেন বিডিও। 

Advertisement

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিডিওর সঙ্গে আলোচনার পর চাষিরা জমি দিতে সম্মত হয়েছেন। দ্রুত প্রক্রিয়া শেষ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বনগাঁর বিডিও বলেন, প্রথম পর্যায়ে বেশিরভাগ জমি চাষিদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। কিছু চাষি নানা কারণে জমি দিতে প্রথমে রাজি হননি। কিন্তু আজ নিজেদের নিরাপত্তার কথা ভেবে সকলে জমি দিতে রাজি হন। আমরা দ্রুত এই প্রক্রিয়া শেষ করব।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বনগাঁ ব্লকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার জন্য প্রায় ২৪ একর জমি প্রয়োজন। এরমধ্যে প্রায় ২০ একর জমির সম্মতি মিলেছে। সেইসব জমির মালিকের কাছ থেকে কেনা হয়েছে প্রায় ১৪ একর জমি। এখনও কিছু জমি কেনা বাকি আছে। এদিন সেইসব জমির মালিকদের সঙ্গে কথা বলে প্রক্রিয়া দ্রুত শেষ করতে উদ্যোগী হয়েছে বনগাঁ ব্লক প্রশাসন। সীমান্তের এক চাষি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে আমাদের সকলের উচিত জমি দেওয়া। সেদিক মাথায় রেখে আমরা জমি দিতে রাজি হয়েছি। তবে জমির ন্যায্য দাম যাতে পাই প্রশাসন যেন সেদিকে খেয়াল রাখে।

Advertisement
সম্পর্কিত সংবাদ