Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভাঙা হল বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্বাধীনতা যুদ্ধের ম্যুরাল, তৈরি হবে ‘জুলাই বিপ্লবে’র মিনার

বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে আবারও তত্পর হল মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। ঢাকার বিজয় সরণিতে ভেঙে দেওয়া হল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংক্রান্ত ম্যুরাল।

ভাঙা হল বঙ্গবন্ধুর ভাস্কর্য ও স্বাধীনতা যুদ্ধের ম্যুরাল, তৈরি হবে ‘জুলাই বিপ্লবে’র মিনার
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুছে ফেলতে আবারও তত্পর হল মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। ঢাকার বিজয় সরণিতে ভেঙে দেওয়া হল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সংক্রান্ত ম্যুরাল। ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’ নামে ওই চত্বরে বঙ্গবন্ধুরও একটি ভাস্কর্য ছিল। কিন্তু গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর বঙ্গবন্ধুর আরও কয়েকটি মূর্তির মতো ওই ভাস্কর্যটিও ভেঙে দেওয়া হয়। তবে সাতটি দেওয়ালে ম্যুরালগুলি এতদিন সেখানে অক্ষত অবস্থাতেই দাঁড়িয়েছিল। কিন্তু শুক্রবার সেগুলিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে হাসিনা বিরোধী আন্দোলনে মৃতদের স্মরণে ‘গণমিনার’ তৈরির পরিকল্পনা নিয়েছে ইউনুস সরকার। কিন্তু বঙ্গবন্ধু ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে তৈরি ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে কেন নতুন মিনার তৈরি করতে হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে, ইউনুস সরকারের আমলে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাসভবন ভেঙে ফেলার মতো ঘটনার সাক্ষী থেকেছে বাংলাদেশ। সেই সময় প্রশাসন হাত গুটিয়ে বসেছিল। যেনতেনপ্রকারেণ বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি মুছে ফেলতেই ফের মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণকে টার্গেট করা হল।

Advertisement

২০২২ সালে বিজয় দিবসের কুচকাওয়াজে ‘মৃত্যুঞ্জয়’ নামে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য প্রদর্শিত হয়। পরে সেটি বিজয় সরণিতে রাখা হয়। বাংলাদেশ সেনা ওই এলাকায় দেওয়ালে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর অবদান নিয়ে ম্যুরাল তৈরি করে। ২০২৩ সালে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের উদ্বোধন করেন তত্কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মহম্মদ এজাজ জানিয়েছেন, ৫ আগস্ট বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলায় সেটি অগোছালো হয়ে ছিল। তাই ওই জায়গাটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মূল ভাস্কর্যটিও ভেঙে ফেলা হয়েছে। এভাবে এই জায়গাটি ফেলে রেখে লাভ নেই। সেখানে ‘জুলাই বিপ্লব’-এর স্মরণে নতুন ভাস্কর্য তৈরির পরিকল্পনা রয়েছে। একমাসের মধ্যেই সেটি তৈরি করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ