


ঢাকা, ২৭ মার্চ: রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে রাস্তা, সরকারি প্রতিষ্ঠানের নাম বদল চলছে। সমস্ত স্থান থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বা তাঁর পরিবারের নাম মুছে ফেলতে উঠেপড়ে নেমেছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। এবার বদলে যাচ্ছে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউর নাম। রাস্তাটির নতুন নামকরণ করা হয়েছে আবরার ফাহাদের নামে। সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পড়ুয়া ফাহাদকে পিটিয়ে খুন করা হয়েছিল।
চলতি বছর মোট সাত জনকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দিয়েছে ইউনুস সরকার। আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। এবার তাঁর নামে রাজধানীর গুলিস্তানের গুরুত্বপূর্ণ এই এই রাস্তাটির নামকরণ করল ইউনুস সরকার। এই রাস্তাতেই আওয়ামি লিগের কেন্দ্রীয় কার্যালয়। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন এখানেও হামলা হয়েছিল। বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শুধু এই রাস্তার নাম বদল করে থেমে থাকেনি বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী। বিভিন্ন রাস্তা, ভবন, ও স্থাপত্যের নামও পরিবর্তন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শেখ পরিবার ও আওয়ামি লিগ ঘনিষ্ঠদের নামে এসব সড়ক ও ভবনের নাম ছিল। সম্প্রতি ডিএসসিসির তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এই প্রসঙ্গে ডিএসসিসির তরফে জানানো হয়েছে, কর্পোরেশনের নামকরণ সংক্রান্ত কমিটি প্রস্তাব অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামকরণ অনুমোদন করেছে ইউনুস সরকার।