Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বামুনগাছি-লিলুয়া রাস্তা এখন ‘মরণফাঁদ’, ক্ষোভ

বামুনগাছি থেকে লিলুয়া স্টেশন যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত মরণফাঁদ। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলি ভরে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝার উপায় নেই।

বামুনগাছি-লিলুয়া রাস্তা এখন ‘মরণফাঁদ’, ক্ষোভ
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বামুনগাছি থেকে লিলুয়া স্টেশন যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি এখন কার্যত মরণফাঁদ। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলি ভরে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝার উপায় নেই। ফলে প্রতিদিনই বিপদের মুখে পড়ছেন পথচারী থেকে বাইক-স্কুটি আরোহীরা। গর্তে পড়ে উল্টে যাচ্ছে টোটো। এমনকী বড় গাড়ির চাকা গর্তে ঢুকে বেঁকে যাচ্ছে রিম। নিত্যদিন ছোটো-বড়ো দুর্ঘটনায় জখমও হচ্ছেন অনেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বামুনগাছি ব্রিজ থেকে লিলুয়া স্টেশন যাওয়ার এই রাস্তা, রানি ঝিল সংলগ্ন রাস্তার অবস্থা বেহাল। এ বছরের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। কোথাও পিচ উঠে গিয়ে রাস্তার নীচের অংশ বেরিয়ে পড়েছে, আবার কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। জল জমে থাকায় সেই গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না। ইতিমধ্যেই দুর্ঘটনা এড়াতে অনেকে এই রাস্তা এড়িয়ে ঘুরপথে যাতায়াত করছেন। এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়েই যেতে হয় লিলুয়া থানার দিকে। অভিযোগ, থানার সামনের অংশেও রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ফলে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকর্মী, স্থানীয় বাসিন্দা এবং থানায় আসা মানুষজনকেও সমস্যায় পড়তে হচ্ছে। কাছেই রয়েছে বামুনগাছি কেন্দ্রীয় বিদ্যালয়। স্কুলে যাতায়াতের সময় পড়ুয়া ও অভিভাবকদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্বাচনের আগে বালি বিধানসভার জনপ্রতিনিধিরা লিলুয়ার প্রতিটি রাস্তা ঝা চকচকে করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবি এলাকাবাসীদের। কিন্তু সরকার বদলালেও প্রতিশ্রুতি খেলাপের ছবিটা একই রয়ে গিয়েছে। পুরসভা সূত্রে দাবি, অতিরিক্ত বৃষ্টির কারণে এখন রাস্তা মেরামত করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থামলেই কাজ শুরু হবে এবং পুজোর আগেই রাস্তা সারানোর চেষ্টা করা হবে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাইও স্বীকার করেছেন, রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। শীঘ্রই এলাকা পরিদর্শন করে রাস্তা সংস্কারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ