Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সঙ্কট মেটাতে হাউস স্টাফ নিয়োগ করছে বালুরঘাট হাসপাতাল

সঙ্কট মেটাতে হাউস স্টাফ নিয়োগ করছে বালুরঘাট হাসপাতাল
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: চিকিৎসক সঙ্কট মেটাতে হাউস স্টাফ (জুনিয়র ডাক্তার) নিয়োগ প্রক্রিয়া শুরু করল বালুরঘাট হাসপাতাল কর্তৃপক্ষ। ১৪ জন জুনিয়র ডাক্তার নিয়োগ করতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইন্টারভিউ দিতে এসেছেন প্রায় ১৭০ জন। বিগত দিনে দেখা গিয়েছে, ১০ জন জুনিয়র ডাক্তার নিয়োগ করার কথা ছিল। তবে খুব অল্প সংখ্যক ইন্টারভিউ দিলেও ১০ জনও কাজে যোগ দেননি। এবছর বিপুল সংখ্যক ডাক্তার এদিন ইন্টারভিউ দিতে আসায় খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের আশা, এবারে চিকিৎসক সঙ্কট মিটবে। 

Advertisement

হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, ১৪ জন হাউস স্টাফ নিয়োগ করা হবে। ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। প্রায় ১৭০ জন ইন্টারভিউ দিয়েছেন। আমরা আশাবাদী সব পদেই এবার হাউস স্টাফ পাব। 
হাসপাতাল সূত্রে খবর, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিসিন, সার্জারি, চক্ষু, অস্থি, জরুরি  বিভাগে দু’জন করে ডাক্তার নিয়োগ করা হবে। বাকি দুটি বিভাগে সুপার নিজে প্রয়োজন বুঝে জুনিয়র চিকিৎসক নিয়োগ করতে পারবেন। 
জেলা হাসপাতালে প্রায় ৫০ শতাংশ ডাক্তারের ঘাটতি রয়েছে। বালুরঘাট জেলা হাসপাতালের জন্য ২৪ জন ডাক্তারকে পাঠানোর ক্ষেত্রে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য দপ্তর। গত মার্চ মাসের শুরুতেই অনুমোদন এসেছিল। সেই ডাক্তাররা তো আসেননি। বরং আরও চারজন ডাক্তার উচ্চ শিক্ষার জন্য ছুটিতে যাচ্ছেন। এতে পরিষেবা আরও বেহাল হয়ে পড়ার আশঙ্কা করছিলেন বালুরঘাট শহরের মানুষ। ১৪ জন জুনিয়র ডাক্তার কাজে যোগ দিলে সঙ্কট অনেকটাই মিটবে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ