নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোস্তায় ব্যবসায়ীকে ডিম ছুড়ে মারা ও হেনস্তার মামলায় ধৃত চার অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দিল আদালত। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালত ধৃত চারজনকে ১৬ জুলাই পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি ধৃতদের জামিনের জোরালো আপত্তি জানান। অভিযুক্তদের আইনজীবী ফজলে আহমেদ খান বলেন, এই মামলায় নতুন কোনো অগ্রগতি নেই। একই বিষয় আদালতে ঘুরিয়ে ফিরিয়ে পেশ করা হচ্ছে। তাই যে কোনো শর্তে জামিন দেওয়া হোক তাঁর মক্কেলদের। বিষয়টি নিয়ে শুনানি চলাকালে শোরগোল সৃষ্টি হয়। উভয় পক্ষের বক্তব্য শেষে বিচারক এক মহিলাসহ চার অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেন।



