সংবাদদাতা, উলুবেড়িয়া : মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে আগুনে বাড়ি পুড়ে গিয়েছিল বাগনানের হাল্লান হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী রেনুইয়া খাতুনের। আগুনে তার বই, খাতা এমনকী অ্যাডমিড কার্ডও পুড়ে গিয়েছিল। এইরকম প্রতিকূল অবস্থার মধ্যে পড়াশোনা করেছিল রেনুইয়া। শুধু তাই নয়, সেই আগুনে পুড়েই চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষার আগে বাবার মৃত্যু হয়। সরাসরি কেউ না বললেও সে কথা জানতে পারে রেনুইয়া। শোক বুকে চেপেই পরীক্ষায় বসেছিল কিশোরী। আর এই অবস্থায় পরীক্ষা দিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হল রেনুইয়া। রেনুইয়ার প্রাপ্ত নম্বর ২৩১। আগামী দিনে পড়াশোনা করার ইচ্ছে থাকলেও পরিবারের অভাব তাতে বাধ সেজেছে। চিন্তায় পরিবার। রেনুইয়ার মা রেহেনা খাতুন জানান, পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ আমাদের পাশে আছে। তাঁদের সাহায্য নিয়েই মেয়েকে আগামী দিনে পড়াশোনা করাব। তবে প্রশাসন থেকে তাঁদের খোঁজখবর না নেওয়ায় কিছুটা হতাশ রেনুইয়ার পরিবার।



