নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি তাদের অধীন বি এড কলেজগুলির অনুমোদন পুনর্নবীকরণের প্রক্রিয়া শুরু করছে। সোমবার থেকে কলেজগুলি তাদের ইমেলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনুমোদনের জন্য আবেদন সংক্রান্ত লিঙ্ক পাবে। তা খোলা থাকবে ১০ দিন। এর মধ্যে যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে কলেজগুলিকে। তবে, লিঙ্ক পাওয়ার পর তিনটি কাজের দিনের মধ্যে অনুমোদন সংক্রান্ত ফি জমা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি কলেজগুলির অ্যাকাডেমিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বিশেষ পরিদর্শন শুরু হয়েছে। সেখানে যে কলেজগুলি বিভিন্ন মাপকাঠিতে উত্তীর্ণ হবে কি না, সেই প্রশ্ন রয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালে যে কলেজগুলি বিভিন্ন খামতির জন্য অনুমোদন পায়নি, তাদের সেগুলি আগে মেটাতে হবে। তারপর তারা রেজিস্ট্রারের কাছে লিঙ্কের জন্য আবেদন করতে পারে। ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার আগে পর্যন্ত এই আবেদনগুলি গ্রাহ্য করা হবে। কী কী তথ্য দেবে কলেজগুলি? এনসিটিই-র নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের নতুন ফরম্যাটে কলেজের শিক্ষকদের সংখ্যা, যোগ্যতা, প্রাপ্ত বেতন সম্পর্কিত নথি জমা দেওয়া প্রধান শর্ত। এর সঙ্গে কলেজের অবস্থান অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উল্লেখ করে জানাতে হবে। এছাড়াও অগ্নিসুরক্ষা সংক্রান্ত শংসাপত্র, পরিচালন সমিতির তথ্য, কলেজের জমির নথি, কোনো আইনি জটিলতা থাকলে তার তথ্যও বিস্তারিতভাবে পাঠাতে হবে। নথিগুলি খতিয়ে দেখে, প্রয়োজনে পরিদর্শনের পরেই দেওয়া হবে অনুমোদন। আর এই অনুমোদন পেলেই পড়ুয়া ভর্তি করতে পারবে কলেজগুলি।
রাজ্যে সরকারি এবং বেসরকারি মিলিয়ে ছ’শোরও বেশি বি এড কলেজ রয়েছে। তবে, সাম্প্রতিককালে বেশ কিছু কলেজ বন্ধও হয়েছে। এত বেশি কলেজ রাজ্যে প্রয়োজন নেই বলেই মত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। ফলে ঝাড়াই-বাছাইয়ে বাদ পড়তে পারে অনেকগুলি। তবে, কলেজগুলির বক্তব্য বিশ্ববিদ্যালয়েও স্থায়ী রেজিস্ট্রার, অন্যান্য আধিকারিক, শিক্ষক কিছুই নেই। তাই বিশ্ববিদ্যালয়ও কলেজগুলিকে মূল্যায়ন করতে পারে কি না, সেই প্রশ্ন তুলছে তারা।