Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

গোটা রাত লাইনে দাঁড়িয়েও গ্যাস মেলেনি, অবরোধ অটো চালকদের

রাতভর লাইনে দাঁড়িয়েও অটোর এলপিজি পাননি। সেই ক্ষোভে শুক্রবার দুপুরে টাকি রোড অবরোধ করেন অটো চালকরা

গোটা রাত লাইনে দাঁড়িয়েও গ্যাস মেলেনি, অবরোধ অটো চালকদের
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাতভর লাইনে দাঁড়িয়েও অটোর এলপিজি পাননি। সেই ক্ষোভে শুক্রবার দুপুরে টাকি রোড অবরোধ করেন অটো চালকরা। দত্তপুকুরের কদম্বগাছিতে প্রায় আধঘণ্টা ধরে অবরোধ চলে। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তারপর যান চলাচল শুরু হয়। 

Advertisement

চালকদের দাবি, এলপিজি গ্যাসের সরবরাহে টান পড়ায় বেশ কিছুদিন ধরেই সমস্যায় পড়ছেন তাঁরা। কদম্বগাছির রিফিলিং সেন্টারে গিয়ে গ্যাসের জন্য বৃহস্পতিবার রাত থেকে লাইন দিয়েছিলেন অনেকে। তাঁদের কারও দাবি, রাতভর লাইন দিয়েও গ্যাস পাননি। শুক্রবার দুপুরে গ্যাসবাহী গাড়ি রিফিলিং সেন্টারের সামনে আসে। কিন্তু গ্যাস না দিয়ে চলে যায়। সেই খবর ছড়ানোর পর ক্ষোভে ফেটে পড়েন অটো চালকরা। টাকি রোড অবরোধ করেন। বিক্ষোভও শুরু করেন। অবরোধের পর রাস্তায় দীর্ঘসময়ের জন্য যানজট তৈরি হয়। দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলে। রেজাউল মণ্ডল ও শ্রীনাথ ঘোষ নামে দুই অটোচালক বলেন, ‘গ্যাস ভরার জন্য সারারাত অপেক্ষা করেছি। একটা গাড়ি এসে গ্যাস না দিয়ে চলে যায়। গ্যাস না পেলে অটো চলবে না। রোজগার হবে না। সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’ কদম্বগাছির সেন্টারের কর্তা দীপক গাইন বলেন, ‘এলপিজি সরবরাহ স্বাভাবিক নয়। ফলে সমস্যা আছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ