নয়াদিল্লি: প্রত্যাশামতোই যশপ্রীত বুমরাহর পরিবর্তে শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে ডাক পেলেন আকিব নবি। ২৯ বছর বয়সি পেসার জম্মু ও কাশ্মীরের প্রথম ক্রিকেটার হিসাবে পাঁচদিনের ফরম্যাটের দলে এলেন। এর আগে পারভেজ রসুল ও উমরান মালিক আন্তর্জাতিক ম্যাচ খেললেও তা ছিল সীমিত ওভারের ফরম্যাটে। টেস্টের দলে তাঁরা সুযোগ পাননি। সেদিক দিয়ে নজির গড়লেন নবি। দুই টেস্টের সিরিজে অভিষেক হলে তাই উপত্যকার ক্রিকেট ইতিহাসের গৌরবজনক অধ্যায়ের অংশ হবেন তিনি। সোমবার সকালে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে বিসিসিআই।
কাশ্মীরের বারমুলার এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছেন নবি। বেড়ে ওঠার দিনগুলোয় পরিকাঠামোর অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে নিরন্তর। তবে সেটাকে কখনও অজুহাত হিসেবে দেখেননি। বাবা গুলাম নবির গলায় সেজন্যই উচ্ছ্বাস, ‘দেশের হয়ে খেলতে হলে কোনো অজুহাতই দেওয়া চলে না।’ ঘরোয়া ক্রিকেটে গত কয়েক বছর ধরেই অত্যন্ত ধারাবাহিক আকিব। গত দুই মরশুমে রনজিতে নিয়েছেন মোট ১০৪ উইকেট। তারমধ্যে ২০২৫-২৬ মরশুমেই শিকারসংখ্যা ৬০! জম্মু ও কাশ্মীরের রনজি চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে তা বড়ো ভূমিকা নিয়েছিল। নবির ব্যাটের হাতও মন্দ নয়। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুটো প্রথম শ্রেণির ম্যাচে ৬ উইকেট নেন ডানহাতি জোরেবোলার। ফলে কন্ডিশনের সঙ্গে যথেষ্ট পরিচিত তিনি।
এদিকে, মঙ্গলবারই শ্রীলঙ্কায় পৌঁছে যাবে শুভমান গিল ব্রিগেড। কলম্বোর এনসিসি মাঠে তিন দিনের প্রস্তুতি ম্যাচ শুক্রবার শুরু। তারপর গল পৌঁছবে টিম ইন্ডিয়া। ১৫ আগস্ট প্রথম টেস্টের আগে সেখানেই চলবে চূড়ান্ত প্রস্তুতি। বুমরাহ বাঁ হাঁটুর চোটে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় পেস বিভাগে অভিজ্ঞ বলতে আছেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। নবির মতো গুরনুর ব্রারও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন। হর্ষিত রানা, আকাশ দীপ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর চোটের জন্য এই সিরিজে নেই। ফলে বুমরাহর ছিটকে যাওয়া বড়ো ধাক্কা। স্পিন বিভাগে অবশ্য রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের মতো অভিজ্ঞরা রয়েছেন। ব্যাটার সাই সুদর্শনের ফিটনেস নিয়েও রয়েছে সংশয়। কিছুদিন আগে শ্রীলঙ্কাতেই ‘এ’ দলের হয়ে খেলার সময় পায়ে চোট পান তিনি। সুদর্শন ফিট না হলে তিন নম্বরে নামবেন দেবদূত পাদিক্কাল।