নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশে চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে বিস্তারিত তথ্য চাইল ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। এই বিষয়ে অডিট করবে তারা। নবান্ন সূত্রের খবর, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ, বেতন, সামাজিক সুরক্ষাসহ যাবতীয় প্রাসঙ্গিক তথ্যাদি চাওয়া হয়েছে। এই অডিটের মাধ্যমে এই ধরনের কর্মীদের প্রকৃত সংখ্যা যাচাই করা হবে। দেখা হবে কোনো ভুয়ো কর্মীর নামে বেতন উঠছে কি না।
তৃণমূল আমলে সিভিক ভলান্টিায়ারসহ রাজ্য পুলিশের একাধিক পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছে। অভিযোগ, এজন্য কোনো বিজ্ঞাপন বেরোয়নি কিংবা পরীক্ষাও নেওয়া হয়নি। পূর্বতন শাসক দলের বিধায়ক এবং সাংসদের পাঠানো তালিকা থেকেই বিভিন্ন জায়গায় নিয়োগ হয়েছে। তাঁদের জন্য বেতন কাঠামো, ছুটি প্রভৃতি বিষয়ে নির্দিষ্ট কোনো গাইডলাইন তৈরি করা হয়নি।
অভিযোগ উঠেছে, ভুয়ো কর্মী দেখিয়ে কোষাগার থেকে বছরের পর বছর ধরে প্রচুর টাকা তোলা হয়েছে। পালাবদলের পর এনিয়ে শুরু হয়েছে অডিট। এই কারণে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের তরফে পুলিশে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে স্বরাষ্ট্র দপ্তরের কাছে তথ্য চাওয়া হয়। পুলিশ ডিরেক্টরেটকে এই সংক্রান্ত তথ্য দিতে হবে, নির্দেশ দিয়েছে নবান্ন। সেইমতো সমস্ত জেলার কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে।