নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: গোর্খা জনজাতি মহাসংঘকে অন্ধকারে রাখা হচ্ছে। শনিবার দার্জিলিং শহরের গোর্খা দুঃখ নিবারক সম্মেলন ভবনে পাহাড়ের পাঁচ বিধায়ককে সম্মান জানাতে গোর্খা জনজাতি মহাসংঘের একটি অনুষ্ঠানে এমনই অভিযোগ করেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। এদিন দার্জিলিংয়ের পাঁচ বিধায়ককে সংবর্ধনা দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানে কেবল দার্জিলিংয়ের বিধায়ক নোমন রাই উপস্থিত ছিলেন। যা নিয়ে মোর্চা প্রধান হতাশা প্রকাশ করেছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিমল গুরুং বলেন, গোর্খা জনজাতি মহাসংঘ দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, কালচিনি এবং মাদারিহাটের বিধায়কদের সম্মান জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমি আশা করেছিলাম যে পাঁচজন বিধায়ক গোর্খা উপজাতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত জানাবেন এবং সবাই তা শোনার সুযোগ পাবে। তবে দার্জিলিংয়ের বিধায়ক নোমান রাই ছাড়া বাকি চারজন বিধায়ক আসেননি। গোর্খা জনমুক্তি মোর্চা গোর্খা সম্প্রদায়ের ১১টি জাতিগোষ্ঠীকে তপসিলি উপজাতি (এসটি) তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে। এই বিষয়টি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং তাদের বোঝা অত্যন্ত জরুরি। কিন্তু মনে হচ্ছে যেন গোর্খা জনজাতি মহাসংঘকে এই পুরো প্রক্রিয়াটি সম্পর্কে অন্ধকারে রাখা হচ্ছে।



