হায়দরাবাদ: তেলেঙ্গানার মুশিরাবাদ বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা থেকে ৩০ জনের নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বুথ লেভেল এজেন্ট এস বালচন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ, ডিজিটাল মাধ্যমে আগে থেকে পূরণ করা ফর্ম-৭ ব্যবহার করে ওই ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছিল। অভিযোগপত্র ও প্রাথমিক যাচাই অনুযায়ী, ৩০ জন ভোটারই মুসলিম। মুশিরাবাদের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার টি প্রবীণ কুমার রেড্ডির অভিযোগের ভিত্তিতে ৬ অক্টোবর মামলা দায়ের করে পুলিশ। এফআইআর অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর বালচন্দ্র ৩০টি আগে থেকেই পূরণ করা ফর্ম ৭ নিয়ে ২১০ নম্বর বুথে যান। ওই ফর্মগুলির মাধ্যমে কয়েক জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু বুথ লেভেল অফিসার এবং সুপারভাইজার একসঙ্গে এতগুলি ফর্ম জমা নিতে অস্বীকার করেন। এরপর বালচন্দ্র ফর্মগুলি বুথেই রেখে চলে যান। এরপর ১ অক্টোবর নির্বাচন আধিকারিকেরা সংশ্লিষ্ট ঠিকানাগুলিতে গিয়ে যাচাই করেন। তখন দেখা যায়, ৩০ জন ভোটারই ভোটার তালিকায় নথিভুক্ত ঠিকানায় বসবাস করছেন। তবে বিজেপি দলীয়ভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, হায়দরাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি তেলেঙ্গানার মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে গোশামহল আসনেও একই ধরনের চেষ্টার অভিযোগ তুলেছেন।



