নিজস্ব প্রতিনিধি, বরানগর: মোটা অঙ্কের তোলা চেয়ে ফোন এসেছিল। আমল দেননি প্রোমোটার। কিন্তু তার মূল্য যে এভাবে চোকাতে হবে, দুঃস্বপ্নেও ভাবেননি তিনি! সোমবার রাতে তাঁকে বেধড়ক মারধর ও খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, ‘বিজেপি আশ্রিত’ দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। গুরুতর জখম ওই প্রোমোটারের নাম অমরনাথ সিংহ। তিনি দমদমের বাসিন্দা। বর্তমানে স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতা খোকন কর ছাড়াও স্বপন অধিকারী, টিকটিকি রাজু, তন্ময়সহ আরও কয়েকজনের বিরুদ্ধে দমদম থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে পুলিশ বিশ্বজিৎ রায় ওরফে টিকটিকি রাজুকে গ্রেপ্তার করেছে। বিজেপির দাবি, ওই প্রোমোটার তৃণমূল ঘনিষ্ঠ ও সিন্ডিকেটের মাথা ছিলেন। তা নিয়েই কোনো ঝামেলা হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পি কে গুহ রোডের কুমোরপাড়া মোড়ে প্রোমোটার অমরনাথ সিংহের বাড়ি। সোমবার রাতে তিনি বাড়ির অনতিদূরে নিজের অফিসে বসে কাজ করছিলেন। দমদমের ৭ নম্বর ওয়ার্ডে তিনি সম্প্রতি একটি আবাসন নির্মাণের কাজ শুরু করেছিলেন। অমরনাথবাবুর অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডের ওই কাজের জন্য তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল। তিনি দিতে রাজি হননি। তারপর সোমবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ ১৫-২০ জন তাঁর অফিসে সামনে জড়ো হয়। জনা পাঁচেক তাঁর অফিসে ঢোকে। এরপর আচমকাই তাঁকে মারধর শুরু হয়। ওই সময় অফিসে বসে থাকা অন্য এক ব্যক্তিকেও মারধর করা হয়। প্রোমোটার আক্রমণকারীদের ঠেকাতে গেলে এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র বার করে তাঁর মাথায় আঘাত করে বলে অভিযোগ।
অমরনাথবাবু আরও বলেন, ‘আমাকে খুনের চেষ্টা তো হয়েছেই। সেই সঙ্গে ক্যাশবাক্স থেকে টাকা, আমার সোনার চেইন, মোবাইল নিয়ে গিয়েছে ওরা। অফিসে যথেচ্ছ ভাঙচুর চালিয়েছে। প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরার মেমোরি কার্ডও নিয়ে গিয়েছে। যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছে, দাবি মতো টাকা না দিলে আমাকে খুন করবে।’ তাঁর দাবি, ‘এক অভিযুক্তকে আমি চিনেছি। সে বিজেপি নেতা খোকন করের সঙ্গে ঘোরাফেরা করে।’ এ বিষয়ে দমদমের বিজেপি নেতা তথা জেলা সম্পাদক রাজেশ সাহা বলেন, ‘অমরনাথ তৃণমূলের সিন্ডিকেটের মাথা ছিলেন। তৃণমূল জামানায় তাঁর অত্যাচারে খোকন কর ১০ নম্বর ওয়ার্ড ছেড়ে ৭ নম্বর ওয়ার্ডে পালাতে বাধ্য হয়েছিলেন। এরপর কী ঘটেছে, পুলিশ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনুক।’ দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি বলেন, ‘আমার কেন্দ্রে কোনো ধরনের তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না। রং না দেখে অন্যায়ের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।’