নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গৃহকর্তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তার করেছে ধূলাগোড় আউট পোস্ট ফাঁড়ির পুলিশ। রবিবার রাতে সাঁকরাইলের উত্তর ধূলাগোড় বাদামতলা শেখপাড়ায় ঘটনাটি ঘটে। জখম শেখ সুফিয়ার রহমান হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়িতে অশান্তি হয়। অভিযোগ, সেই সময় গৃহকর্তা সুফিয়ার রহমানকে বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রতিবেশীদের অভিযোগ, এই ঘটনায় আক্রান্তের স্ত্রী, এবং তাঁর সন্তানরা জড়িত। সুফিয়ারের স্ত্রী নিজে আশাকর্মী। অভিযোগ পেয়ে রাতেই পরিবারের সদস্যদের থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে পরিবারে বিবাদ চলছিল। তার জেরেই এই হামলা বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।