নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাঁকড়ার খানপাড়ায় খেলার মাঠ দখল করে বসতবাড়ি তৈরির চেষ্টার অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে। কোনও মতেই মাঠ দখল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোমজুড়ের ৪ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি নারায়ণ বিশ্বাস।
স্থানীয় সূত্রে অভিযোগ, গত সরকারের আমলে এই এলাকার কাছেই জলাভূমি বেআইনিভাবে ভরাট করে দেওয়া হয়েছিল। অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে ওই জমি ভরাট করে সেখানে মানুষকে ঘরবাড়ি তৈরি করে বসবাসের সুযোগ করে দিয়েছিল। এবার সেই জায়গার পাশেই থাকা দীর্ঘদিনের খেলার মাঠ দখল করে বসতবাড়ি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এলাকারই এক শ্রেণির অসাধু ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত বলে দাবি স্থানীয়দের। এই ঘটনাকে ঘিরে বেশ কিছুদিন ধরেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে। নারায়ণ বিশ্বাস স্পষ্ট জানিয়েছেন, কোনওভাবেই খেলার মাঠ দখল করে অবৈধভাবে বসতবাড়ি তৈরি করতে দেওয়া হবে না। বিজেপি সরকারও এই ধরনের বেআইনি কাজ মেনে নেবে না। মাঠ দখলের চেষ্টা হলে প্রয়োজনে প্রশাসনকে দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই মাঠ শুধুমাত্র খেলাধুলোর জায়গা নয়, এলাকার সামাজিক পরিসরেরও গুরুত্বপূর্ণ অংশ। মাঠের মধ্যে রয়েছে একটি ক্লাব এবং একটি অঙ্গনওয়াড়ি স্কুল। ফলে মাঠটি দখল হয়ে গেলে শিশুদের খেলাধুলোর জায়গা কমে যাওয়ার পাশাপাশি এলাকার পরিবেশের উপরেও তার প্রভাব পড়তে পারে। তাঁদের আশঙ্কা, এভাবে মাঠের জমি দখল করে বসতবাড়ি তৈরি হলে ভবিষ্যতে এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই কোনওভাবেই মাঠ দখল করতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন বাসিন্দারা। জমিটি রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপেরও দাবি উঠেছে।



