কালীঘাটেই মমতার উপর হামলার চেষ্টা
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়ার সন্ধ্যায় কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিজের বাড়ির সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা! এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। মমতা তৃণমূলের তরফে সাংসদ দোলা সেন কালীঘাট থানায় ই-মেলে অভিযোগ দায়ের করেছেন। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানাচ্ছেন, ‘ঘটনাস্থল থেকে এক মহিলাকে আটক করা হয়েছে। মহিলা মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলেই প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। মহিলার উদ্দেশ্য বা ‘মোটিভ’ ঠিক কি ছিল, তা জানার চেষ্টা চলছে।’ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিজের পাড়াতে মিলন সংঘের পুজো উদ্ধোধনের জন্য এদিন বাড়ি থেকে বেরিয়ে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী  হিসেব ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, দোলা সেনের মতো সহকর্মীরা। আচমকাই ‘পিসি’ বলে ডেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন ওই মহিলা। দোলা সেনের দাবি, ছুরি ছিল ওই মহিলার হাতে। কিন্তু কলকাতা পুলিশের তরফে ছুরির কথা অস্বীকার করা হয়েছে। উপস্থিত সকলে মহিলাকে ধরে ফেললে, তিনি রাস্তায় শুয়ে পড়েন। অভিযোগপত্রে দোলা সেন দাবি করেছেন, মহিলার নাম তনিষ্ঠা সাহা। তিনি একজন সিভিক ভলান্টিয়ার। তবে আটক  মহিলা  সিভিক ভলান্টিয়ার কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ওই মহিলার কাছ থেকে কোনো ছুরি উদ্ধার হয়েছে কি না, তা নিয়ে কলকাতা পুলিশের শীর্ষকর্তারা কোনও প্রতিক্রিয়া দেননি। তবে হঠাৎ করে ওই মহিলা কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর হামলার চেষ্টা করলেন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। 

Advertisement