নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে চোরাচালানে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএসএফ জওয়ানদের সঙ্গে পাচারকারীদের হাতাহাতির অভিযোগ উঠল। বুধবার রাতে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে তিন যুবকের জড়ো হওয়ার খবর পায় বিএসএফ। তারপর কর্তব্যরত জওয়ানরা তাদের আটকানোর চেষ্টা করলে প্রথমে কথা কাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিএসএফ ক্যাম্পে খবর দেওয়া হলে অতিরিক্ত জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছান। এক যুবককে আটক করা সম্ভব হলেও বাকি দু’জন পালিয়ে যায়। আটক যুবককে পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে জেরা করলে বাকি দু’জনের নাম উঠে আসে। এরপর বৃহস্পতিবার সকালে পলাতক দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল ইউসুফ দফাদার, রশিদ মিস্ত্রি এবং হাসানুর গাজি। বিএসএফের দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুরের দোহারকান্দা এলাকায় পাচারের উদ্দেশ্যেই তিন যুবক জড়ো হয়। ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দেন বিচারক।



