মাদ্রিদ, ১০ জুলাই: ভয়াবহ দাবানলে জ্বলছে স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সমগ্র এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৫০ জন দমকলকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন।
আন্দালুসিয়া সরকার জানিয়েছে, লস গায়ারদোস এলাকায় প্রথমে আগুনে পুড়ে ৬ জনের খবর মেলে। তারপরেই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে। পরে মোট মৃতের সংখ্যা বেড়ে ১২ তে পৌঁছয়। নিহতদের বেশিরভাগ বেদার গ্রামের বাসিন্দা। এছাড়াও অন্তত ছ'জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নারী গুরুতরভাবে পুড়ে যাওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোঁয়ায় শ্বাসকষ্ট নিয়ে আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তবে স্থানীয়দের ধারণা, একটি বিদ্যুৎতের লাইন ভেঙে শুকনো ঝোপঝাড়ে পড়লে আগুন ধরে যায়। পরে প্রবল গরম ও হাওয়ার কারণে আগুন দ্রুত আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ৫০ জনকে স্থানীয় একটি সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্পেনের সামরিক জরুরি উদ্ধার বাহিনী ও দমকল বাহিনী যৌথ প্রস্তুতি নিয়েছে।
এদিকে চলমান তীব্র তাপপ্রবাহে আন্দালুসিয়ার বিভিন্ন এলাকায় কমলা সতর্কতা জারি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম, দীর্ঘস্থায়ী খরা এবং প্রবল হাওয়া দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ইউরোপীয় ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে স্পেনে প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর বনভূমি আগুনে পুড়ে গিয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসে দেশটির সবচেয়ে ভয়াবহ দাবানলের বছর হিসেবে বিবেচিত হচ্ছে।