হায়দরাবাদ: ১০০ কোটি টাকার বিশাল আর্থিক সাম্রাজ্য বানিয়ে ফেলেছেন তেলেঙ্গানার ভূমিদপ্তরের এক আধিকারিক। কোটি কোটি টাকার ব্যাংক ব্যালান্স, নগদ। কাঁড়ি কাঁড়ি সোনা ও রুপোর গয়না। গ্যারাজে বিলাসবহুল গাড়ি। কী নেই তাঁর ভাঁড়ারে! বিপুল সম্পত্তির হদিশ পেয়েই শুঙ্কারি নরহরি রাও নামের ওই আধিকারিকের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে মামলা দায়ের করেছে তেলেঙ্গানার অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি)। মঙ্গলবার নরহরির বাড়ি, তাঁর আত্মীয়স্বজন, শাগরেদদের বাড়ি এবং সন্দেহভাজন বেনামি সম্পত্তি মিলিয়ে মোট দশ জায়গায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া সম্পত্তির বহর দেখে চক্ষু চড়কগাছ দুঁদে আধিকারিকদেরও। অভিযুক্ত নরহরিকে হেপাজতে নিয়েছে এসিবি।
নরহরির স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে রঙ্গারেড্ডি জেলায় পাঁচটি প্লট, মহেশ্বরমে ১.২৪ একর কৃষি জমি, পুপলালগৌড়ার আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট, নরসিঙ্গিতে এক হাজার ৮৮০ বর্গফুট করে দু’টি ফ্ল্যাট। এছাড়াও একটি ফ্ল্যাট রয়েছে রাজেন্দ্র নগরে। রয়েছে গাচিবাওলিতে চারতলা এবং ছত্রিনাকাতে একটি বাড়ি। এসিবি জানিয়েছে, ‘মোট ১ কোটি ৫৪ লক্ষ নগদ টাকা, ২ কোটি ২৯ লক্ষ টাকার ব্যাংক ব্যালান্স, ৫ কোটি ৪ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, ১.৩ কিলো সোনার অলংকার এবং ৮ কিলো রুপোর সন্ধান মিলেছে।’ তবে নরহরির স্ত্রীর নামে দু’টি ব্যাংক লকারের সন্ধান মিললেও সেগুলি খোলা যায়নি। গ্যারাজে মিলেছে একটি বিলাসবহুল গাড়ি। আধিকারিকরা জানাচ্ছেন খাতায় কলমে মোট ১৩ কোটি ৫ লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। তবে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য অনেক বেশি। বাজারদর ধরলে উদ্ধার সম্পত্তির মূল্য ১০০ কোটি টাকা ছাপিয়ে যাবে।