Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়ার্ড পুনর্বিন্যাসে বদলে যাবে ১০ লক্ষ করদাতার অ্যাসেসি নম্বর

পুরভোটের আগে কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বদল আসবে সম্পত্তি কর ব্যবস্থাপনায়

ওয়ার্ড পুনর্বিন্যাসে বদলে যাবে ১০ লক্ষ করদাতার অ্যাসেসি নম্বর
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরভোটের আগে কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বদল আসবে সম্পত্তি কর ব্যবস্থাপনায়। বদলে যাবে সম্পত্তি করের অ্যাসেসি নম্বর। পুরসভা সূত্রে খবর, আগামী অর্থবর্ষ শুরুর আগেই কলকাতা পুর এলাকার প্রায় ১০ লক্ষ সম্পত্তি করদাতার নতুন অ্যাসেসি নম্বর তৈরি করতে হবে। কলকাতা পুরসভায় ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ হওয়ার প্রস্তাব রয়েছে। সম্পত্তি কর মূল্যায়ন এবং রাজস্ব আদায় বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়নি। ডিলিমিটেশন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর অ্যাসেসি নম্বর পরিবর্তনের কাজ করতে হবে। কারণ, অ্যাসেসি নম্বরের মধ্যে ওয়ার্ড নম্বর উল্লেখ থাকে। ফলে, ফের নতুন ওয়ার্ডভিত্তিক অ্যাসেসি নম্বর বানাতে হবে।

Advertisement

তবে, জটিলতাও রয়েছে। আধিকারিকদের কথায়, এই পরিবর্তনের ফলে সাধারণ করদাতাদের বড়ো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তবে, কর সংক্রান্ত মামলা বা নির্ধারিত করমূল্য নিয়ে আপত্তি জানিয়ে যাঁরা আবেদন বা মামলা ইতিমধ্যে করেছেন, তাঁদের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। পুরসভার সংশ্লিষ্ট দপ্তরকে পুরানো ও নতুন অ্যাসেসি নম্বরের মধ্যে যোগসূত্র বজায় রেখে সেই সমস্যার সমাধান করতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ