বিশেষ সংবাদদাতা, কোহিমা: সোমবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল নাগাল্যান্ডের ডিমাপুর সংলগ্ন চুমুকেডিমা জেলা। সেখানকার সুকোভি এলাকায় অসম রাইফেলসের কনভয়ে হামলা জঙ্গিদের। এই ঘটনায় শহিদ বাহিনীর হাবিলদার মোহাম্মদ ইকবাল। গুরুতর জখম আরও চার জওয়ান। এক সপ্তাহের মধ্যেই উত্তর-পূর্বাঞ্চলে এই নিয়ে দ্বিতীয়বার জঙ্গি হামলার কবলে পড়ল অসম রাইফেলসের কনভয়। ৬ জুলাই মণিপুরের উখরুল জেলায় কনভয়ে অতর্কিত হামলায় তিন জওয়ান শহিদ হয়েছিলেন।
কোহিমার ডিফেন্স পিআরও জানিয়েছেন, ‘সুকোভি এলাকায় অসম রাইফেলসের একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। আইইডি বিস্ফোরণের ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছেন। জখম চারজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে।’ বিস্ফোরণের পরই নিরাপত্তা বাহিনী এলাকাজুড়ে তল্লাশি শুরু করেছে।
উল্লেখ্য এই সুখোভিতেই অসম রাইফেলসের একটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে গাড়ি করে জওয়ানরা যাওয়ার পথেই হামলার ঘটনা ঘটে। অসম রাইফেলসের পক্ষ থেকে ডিজি লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা এবং অন্যান্যরা হামলায় শহিদ হাবিলদারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তাঁর পরিবারকে প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। নাগাল্যান্ড পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। ঘটনার তদন্ত চলছে। এই হামলার পেছনে কারা রয়েছে, তা এখনও জানা যায়নি।